ছয় ভবনের পাঁচটিই পরিত্যক্ত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ
আমতলী সরকারি কলেজের ছয়টি ভবনের মধ্যে পাঁচটিই পরিত্যক্ত ও ব্যবহারের অনুপযোগী। এমন অবস্থায় শ্রেণিকক্ষ ও আবাসন সংকট তীব্র রূপ ধারণ করেছে। সেই সঙ্গে শিক্ষক স্বল্পতার কারণে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটিতে কর্তব্যরত শিক্ষকরা হিমশিম খাচ্ছেন।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য মফিজ উদ্দিন তালুকদার কলেজটি প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলেও ১০ বছরে একটি নতুন ভবন নির্মাণ ছাড়া অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি। ২০২২ সালে নির্মিত একটি একাডেমিক ভবনের ওপর ভরসা করেই কোনোমতে পাঠদান চলছে। কাঁচা টিনের ঘরেও ক্লাস ও পরীক্ষা নেওয়া হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, কলেজ প্রতিষ্ঠার সময়ে নির্মিত এক নম্বর ভবনটি সংস্কারের অভাবে প্রায় পাঁচ বছর আগে ধসে পড়ে, যার কয়েকটি দেয়াল এখনও দাঁড়িয়ে আছে। পাশের দ্বিতল ভবন, শিক্ষক মিলনায়তনের পিলার ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। পুরোনো ভবনটি এতটাই নড়বড়ে যে শিক্ষার্থীদের চলাচলে ভবন দুলে ওঠে। এ ছাড়া আরেকটি দ্বিতল একাডেমিক ভবন এবং এইচএসসি বিএমটি শাখা হিসেবে ব্যবহৃত একতলা ছাত্র মিলনায়তন দুই বছর ধরে তালাবদ্ধ রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ঝুঁকি এড়াতে পুরোনো ভবনগুলো ব্যবহার বন্ধ রাখা হয়েছে। শুধু দ্বিতল প্রশাসনিক ভবনটি আংশিক সংস্কার করে দ্বিতীয় তলায় অধ্যক্ষ বসেন এবং নিচতলার দুটি কক্ষ দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে নতুন ভবনের শ্রেণিকক্ষগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। অবকাঠামো ও শিক্ষক সংকটের পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। প্রতিষ্ঠার পর থেকে সীমানা প্রাচীর না থাকায় গরু-ছাগল ঢুকে পরিবেশ নষ্ট করছে। কাঠ ও বাঁশের বেড়া দেওয়া হলেও রাতের আঁধারে মাদকাসক্তদের প্রবেশের অভিযোগ রয়েছে। আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. জামাল হোসেন বলেন, প্রায় তিন হাজার শিক্ষার্থীর বিপরীতে ভবন ও শিক্ষক সংকটের কারণে শ্রেণি কার্যক্রম ঠিকমতো চালানো যাচ্ছে না। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।






