নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কেন্দ্র করে রাতভর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ একাধিক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের পুটিকা এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানার ওপর হামলার পরপরই অভিযুক্ত যুবলীগ নেতা রফিকের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পাশের ধলা গ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে যায়। একই সময় আহমদ হোসেনের ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়িতেও আগুন দেওয়া হয়। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খান জুয়েলের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।


আগুন লাগার পর ফায়ার সার্ভিসে একাধিকবার যোগাযোগ করেও সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।


পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের টহল দেখে পালানোর সময় যুবদল নেতা রানাকে কুপিয়ে জখম করেন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা রফিক ও সাবেক এমপি আহমদ হোসেনের বাড়িতে আগুন দেয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে যায়।


উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে অবগত হলেও অগ্নিসংযোগে কারা জড়িত, তা জানেন না। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।