নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। স্থানীয় একটি হাসপাতালের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।


কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ জানান, হতাহত ব্যক্তিদের সংখ্যা প্রাথমিকভাবে জানা গেছে এবং এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে।


কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামিউল হক জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। ওই বাড়িতে খননকাজে যুক্ত কয়েকজন ব্যক্তি বসবাস করতেন এবং তারা সেখানে ডিনামাইট মজুত করে রেখেছিলেন। তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। ঘটনার পর কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।


আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি বলেন, প্রাথমিক তদন্তে অবহেলা ও অসতর্কতার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে রত্নপাথর উত্তোলনের কাজ বাড়ছে। আফগানিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। সেখানে লোহা, তামা, সিসা, দস্তা, সোনা, কয়লা ও মূল্যবান পাথর উত্তোলন করা হয়। তবে দেশটির খনিগুলোতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে এবং এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।