নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে একই মাঠ সংস্কারের নামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে দুই লাখ টাকা অনুদান নেওয়ার ঘটনায় সরকারি অর্থের ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একমাত্র ভরসা। কিন্তু সম্প্রতি মাঠের একটি অংশ ভাড়া দিয়ে সেখানে আখ ক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে আখ কেনাবেচা, যানবাহনের আনাগোনা ও শ্রমিকদের জটলা লেগেই থাকছে। এতে শিক্ষার্থীদের মাঠে নামা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং শ্রেণিকক্ষের পরিবেশেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও উন্নয়নের কথা উল্লেখ করে পিআইও কার্যালয় থেকে দুই লাখ টাকা বরাদ্দ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। মাঠ সংস্কার করা হলেও পরবর্তী সময়ে সেটি আবার বাণিজ্যিক উদ্দেশ্যে আখ ক্রয়কেন্দ্রের ব্যবহারের জন্য ভাড়া দেওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে একদিকে শিক্ষার্থীদের খেলাধুলার অধিকার খর্ব হচ্ছে, অন্যদিকে সরকারি অনুদানের অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রতি বছরই বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠ সংস্কারের নামে সরকারি অনুদান নিয়ে লোকদেখানো সংস্কারকাজ করে এবং পরে আবার সেই মাঠে আখ ক্রয়কেন্দ্র চালু করা হয়। এভাবে আর চলতে দেওয়া হবে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।


বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত আখ ক্রয়কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নিয়ে খেলার মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। একই সঙ্গে মাঠ সংস্কারের জন্য বরাদ্দ নেওয়া দুই লাখ টাকার প্রকৃত ব্যয় ও সংশ্লিষ্ট কার্যক্রমের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।


আখ ক্রয়কেন্দ্রের সিআইসি মুক্তা জানান, বিদ্যালয়ের সঙ্গে আখ ক্রয়কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চুক্তির ভিত্তিতে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানান, এলাকার আখচাষি ও কৃষকদের অনুরোধে ছয় হাজার আটশ টাকা চুক্তিতে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থী ও বিদ্যালয়ের পরিবেশ রক্ষার স্বার্থে আখ ক্রয়কেন্দ্রটি জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে।


উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোনো বিধান নেই। এরপরও কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক পাঠদানে ব্যাঘাত সৃষ্টি করে এমন কার্যক্রম পরিচালনা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।