নিজস্ব প্রতিবেদক

ফেনীর দাগনভূঞা পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামে মুক্তিযোদ্ধা হাবিলদার গেয়াস উদ্দিনের সরকারি বরাদ্দে নির্মিত ‘বীর নিবাসে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে গত সোমবার ঘরের জানালার কাচ ভেঙে দেওয়া হয়েছিল। পরিবারের সদস্যরা সতর্ক থাকায় তিন-চার দিন কেউ আগুন দিতে পারেনি। শুক্রবার রাতে মাগরিবের নামাজের ৩০ থেকে ৪০ মিনিট পর ভাঙা অংশ দিয়ে কে বা কারা ঘরে আগুন দেয়। মুক্তিযোদ্ধার ছেলে সালাউদ্দিন জানান, তার এক বোন চুলায় পানি গরম করতে গিয়ে আগুন দেখতে পান। পরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং চিৎকার করে পরিবারের অন্য সদস্যদের জানান। তাদের মা বেড়াতে যাওয়ায় তখন ঘরে কেউ ছিলেন না। পরে তালা ভেঙে ঘরে ঢুকে আগুন নেভানো হয়। তবে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। সালাউদ্দিন আরও জানান, ঘটনার ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে পাশের আরেকটি ঘরেও আগুন দেওয়া হয়। ওই ঘরটি তার চাচাদের হলেও জায়গার সংকটের কারণে তিনি ভাড়া নিয়ে সেখানে থাকেন। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই। কারা এসব করছে, তা বুঝতে পারছি না। লোকজনের সঙ্গে রাস্তায় কথা বলছি।’ মুক্তিযোদ্ধা হাবিলদার গেয়াস উদ্দিনের স্ত্রী বলেন, ‘আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। তিনি ১৪ বছর আগে মারা গেছেন। আমরা কাউকে ঘর দেওয়ার জন্য বলিনি। সরকার আমাদের ঘর করে দিয়েছে। এখন আমার ঘরের ওপর কেন এত অত্যাচার-অবিচার হচ্ছে, আমি এর বিচার চাই। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকার আমাদের জন্য কী করবে? পুলিশ এসে দেখে গেছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’ দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।