নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে অর্ধেক ভাড়া (হাফ পাস) নিয়ে বিরোধের জেরে অসদাচরণের অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ২৪টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মালিকপক্ষের ক্ষমা প্রার্থনা, মুচলেকা এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বাসগুলো ছেড়ে দেন তারা।
আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে নীলক্ষেত মোড় থেকে বাসগুলো আটকে বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উদ্যোগে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। বেলা আড়াইটার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের। তার অভিযোগ, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে সাভারের বাইপাইল যাওয়ার পথে ঠিকানা পরিবহনের একটি বাসে হাফ পাস দেওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বাসের সহকারী তাদের কাছে ৯০ টাকা ভাড়া দাবি করেন। তবে ওই পথে ভাড়া ৭০ টাকা জানিয়ে আপত্তি করেন তিনি। এ সময় নিজের শিক্ষার্থী পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলেও বাসের কর্মীরা তা নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে পুরো ভাড়াই পরিশোধ করতে হয়।
ওই শিক্ষার্থীর অভিযোগ, ভাড়া পরিশোধের পরও বাসের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় বাসের চালক ক্ষুব্ধ হয়ে বলেন, এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে। বাস থেকে নামার সময় শিক্ষার্থীর মা এর প্রতিবাদ করলে তাকেও ‘বেয়াদব’ বলে মন্তব্য করেন সহকারী। এমনকি বিনা ভাড়ায় তাদের বাসে নিলেও পোষাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ তুহিন বলেন, ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী তাদের বন্ধু। তার সঙ্গে বাসের কর্মীদের অসদাচরণের বিষয়টি জানার পর শিক্ষার্থীরা শনিবার সকালে নীলক্ষেত থেকে ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে প্রক্টরিয়াল টিমের উদ্যোগে মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।
তিনি বলেন, আলোচনায় মালিকপক্ষ ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও মেনে নিয়েছে তারা। এসব দাবি বাস্তবায়নে মালিকপক্ষকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, শিক্ষার্থীরা বাসগুলো ক্যাম্পাসে নিয়ে এলেও কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসে। পরিবহন মালিকপক্ষ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মুচলেকা দিয়েছে।
প্রক্টর আরও বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে নেওয়া হবে। পরিবহন মালিকপক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এ বিষয়ে আবারও আলোচনা করা হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কোনো শিক্ষার্থীর সঙ্গেই যেন পরিবহন কর্মীরা খারাপ আচরণ না করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, শুক্রবারসহ সপ্তাহের সব দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর রাখার বিষয়ে নীতিমালা স্পষ্ট করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পরিবহন মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।





