সংস্কৃতির পরিসর

| প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জে ‘গ্রাম্য গান-বাজনার’ আসরের অনুমতি না দিতে প্রশাসনকে যে নির্দেশ দিয়েছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াল? জনপরিসরে এ নিয়ে কিছুদিন সমালোচনা হলেও এখন সবই সুনসান। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কেউ এখনও বিষয়টি পরিষ্কার করেননি। অথচ যে শীত মৌসুম শুরু হচ্ছে, সেটাই এ ধরনের সংস্কৃতিচর্চা বা আনন্দ-উৎসবের উপযুক্ত সময়। অসংখ্য গ্রামীণ শিল্পীর জীবিকা উপার্জনেরও সময় এখন।


একসময় গ্রামে গ্রামে জারি-সারি, বাউল আর ভাটিয়ালি গানের আসর ছিল চেনা দৃশ্য। প্রান্তিক শিল্পীরা গলা ছেড়ে গাইতেন, মানুষ মাটিতে বসে শুনত। শীতের রাতে যাত্রাপালা বসত, আর পুরো গ্রাম ভেঙে পড়ত তাতে। শহর ও গ্রামে নাট্যদলগুলো জনজীবনের গল্প মঞ্চে তুলত, দর্শক নিজের জীবনের প্রতিচ্ছবি দেখে হাসত, কাঁদত, ভাবত। এখন তা অনেকটাই সুদূরপরাহত। নগরায়ণের ইট-কাঠের দেয়াল জায়গা কেড়ে নিয়েছে; বাণিজ্যিক বিনোদন লোকজ আসরকে সরিয়ে দিয়েছে; রাষ্ট্রের সংস্কৃতিনীতি প্রান্তিক শিল্পীদের পাশে দাঁড়ায়নি। কোনো স্থায়ী উদ্যোগ চোখে পড়ে না। শিল্পীরা হারিয়ে যাচ্ছেন, আর তাদের সঙ্গে হারাচ্ছে একটি সমাজের সম্মিলিত আনন্দের ভাষা।


এর সঙ্গে ইদানীং যুক্ত হয়েছে আরেকটি চাপ: ভয়। কোন সিনেমা দেখা যাবে, কোন গান গাওয়া যাবে, কোন অনুষ্ঠান হবে– তা নিয়ে একটি গোষ্ঠীর হুঙ্কার প্রায়ই শোনা যায়। ধর্মীয় অনুভূতির নামে বাধা দেওয়ার প্রবণতা বাড়ছে, যেখানে প্রশাসন অনেকাংশেই নীরব দর্শক। এতে শিল্পী ও আয়োজক দুই পক্ষই নিজেকে গুটিয়ে নেয়। বিনোদনের পরিসর আরও ছোট হয়ে আসে।


এখানে একটা কথা স্পষ্ট থাকা দরকার– ধর্মবিশ্বাস ব্যক্তির অধিকার, আর সেই বিশ্বাসকে সম্মান করা সভ্যতার শর্ত। কিন্তু নিজের রুচি অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। একটি বহুমাত্রিক সমাজে সংস্কৃতির নানা ধারা পাশাপাশি থাকে। যেটা পছন্দ নয়, সেটা না দেখার স্বাধীনতা সবার আছে, কিন্তু অন্যকে দেখতে না দেওয়ার অধিকার কারও নেই। রাষ্ট্রের কাজ সেই পরিসরটুকু রক্ষা করা। এদিকে বিনোদনের সরকারি ও সামাজিক পরিসর যত সংকুচিত হয়েছে, ততই সেই শূন্যতা ভরেছে বাজার। বাজার সেবা দেয় ঠিকই, কিন্তু দর কষে। যাঁর সামর্থ্য সীমিত, তিনি কম খরচে যেখানে সুযোগ পান, সেখানেই ছোটেন। সেই জায়গা যে নিরাপদ নয়, তা যাচাই করার সুযোগ তাঁর থাকে না। নিয়ন্ত্রণ দুর্বল থাকলে ঝুঁকিটা গিয়ে পড়ে সবচেয়ে অরক্ষিত মানুষের ঘাড়ে। এ কারণেই বেড়ানোর মতো নির্মল আনন্দ করতে গিয়েও কক্সবাজারের হোটেলে মানুষকে পুড়ে মরতে হয়। নাগরিক জীবনে আনন্দের পরিসর ছোট হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে রেস্তোরাঁয় খেতে গেলেও পুড়ে কয়লা হতে হয়। একজন সাধারণ মানুষ সামান্য শান্তির খোঁজে অল্প অল্প করে জমানো টাকা নিয়ে ছুটে যান, কিন্তু কর্তৃপক্ষের অনিয়মের শিকার হন।


দীর্ঘ মেয়াদে সবচেয়ে জরুরি, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও নিরাপদ বিনোদনের পরিসর গড়া। পার্ক, খেলার মাঠ, নদীতীর, উন্মুক্ত মঞ্চ ফিরিয়ে আনতে হবে। লোকসংগীত, যাত্রা ও নাটকের শিল্পীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও মঞ্চ দরকার। সংস্কৃতিচর্চায় বাধা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে রাষ্ট্রকে দৃঢ় অবস্থান নিতে হবে। আনন্দ কোনো বিলাসিতা নয়; মানুষের মৌলিক প্রয়োজন।


একজন শ্রমজীবী, চাকরিজীবী, কৃষক– সবারই অধিকার আছে হাসা, বিশ্রাম ও প্রকৃতির কাছে যাওয়ার। সেই অধিকার যদি এতটাই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয় যে তার দাম প্রাণ দিয়ে চোকাতে হয়, তাহলে বুঝতে হবে আমাদের সমাজ ও রাষ্ট্র কোথাও গভীরভাবে ভুল পথে হাঁটছে।


তাপস দাস: যুব সংগঠক