সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার মক্কা জোটের
সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট। একই সঙ্গে সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে সদস্য দেশ পাকিস্তান ও তুরস্ক। তবে ইয়েমেনের অভ্যন্তরে সেনা মোতায়েন বা নতুন কোনো সামরিক অভিযানের সিদ্ধান্ত হয়নি।
রয়টার্স ও আলজাজিরার খবরে বলা হয়েছে, গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তির কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠক শেষে এসব অবস্থানের কথা জানানো হয়। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক সহযোগিতা এবং জোটের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তিন দেশ সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
গত ৫ অক্টোবর রিয়াদে জোটের জরুরি বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষায় সামরিক সক্ষমতা ও বাহিনী সরবরাহ এবং দ্রুত মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছিল সদস্য দেশগুলো। তবে পাকিস্তান সৌদি ভূখণ্ড রক্ষায় সহায়তার অঙ্গীকার করলেও ইয়েমেনের ভেতরে হুতিদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার বিষয়টি নাকচ করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও জানিয়েছেন, ইয়েমেনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সৌদির দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি এদিকে গতকাল শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানান। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে সন্দেহভাজন হুতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
এদিকে, গতকাল শনিবার দক্ষিণ ইয়েমেন উপকূলে একটি পণ্যবাহী জাহাজ ছিনতাইয়ের খবর জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। বালহাফ থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সশস্ত্র ব্যক্তিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।
কুয়েতে ড্রোন হামলায় জাতিসংঘের নিন্দা কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।






