আব্দুল আলীম অভি, কালিয়াকৈর (গাজীপুর)
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনের কয়েক সপ্তাহ পর স্বস্তি ফিরেছে কালিয়াকৈরের শিল্পাঞ্চলে। গতকাল শনিবার সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শিল্পকারখানার শ্রমিকরা।
এছাড়া গাজীপুরের বিভিন্ন এলাকায় বন্ধ থাকা কারখানাগুলোও খুলতে শুরু করেছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিন দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কয়েক সপ্তাহ ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুরের কালিয়াকৈর। এতে শিল্পাঞ্চলের প্রায় ৭০ ভাগ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে অর্ধশত কারখানা ছুটি দেওয়া হতো। আগের ১২ হাজার ৫০০ টাকার বেতন বাড়িয়ে ১৭ হাজার টাকা ঘোষণা করেছে মজুরি বোর্ড। নতুন মজুরি মেনে নিয়ে কাজে যোগ দিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চলে। সকাল ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান, মিনা আক্তার জানান, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই।
পোশাকশ্রমিক রাহিমা আক্তার জানান, আগে যে বেতন পেতাম তা দিয়ে আমাদের মাসের খরচ হতো না। বাড়িভাড়া অনেক বেশি, বাজারে জিনিসের দামও বেশি। তবে এখন আমরা খুশি। আমাদের আর কষ্ট হবে না। কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম শওকত ইমরান বলেন, আন্দোলন থেকে শ্রমিকরা বেরিয়ে এসেছেন। তারা আনন্দের সঙ্গে কারখানায় যোগ দিয়েছেন। এখন অনেক স্বস্তি দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত বেতনে মালিক-শ্রমিক উভয়ই খুশি। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকরা ভালো থাকব।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর এসপি জানান, আশা করি শ্রমিকরা আর আন্দোলন করবেন না। তারা কাজে মনোনিবেশ করবেন। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা শনিবার কারখানার কাজে যোগদান করেছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





