নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান। এ উপলক্ষে শনিবার পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


আইএসপিআর জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবে এ সেনা মোতায়েন করা হচ্ছে। সৌদি ভূখণ্ডের মধ্যেই নির্ধারিত দায়িত্ব পালন করবেন তারা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এতে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি এবং দেশটির সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আইএসপিআর বলেছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী করতে এ সেনা মোতায়েন ভূমিকা রাখবে।


এর এক দিন আগে ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার নিন্দা জানান।


গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ত্রিপক্ষীয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে অন্য দুই দেশ সামরিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে।


তবে জোটটির সামরিক কাঠামো, নেতৃত্ব, বাহিনীর গঠন এবং যৌথ প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনার নীতিমালা এখনো প্রকাশ করা হয়নি।


এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব পৃথক একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতেও এক দেশের ওপর হামলাকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনার অঙ্গীকার করা হয়।