বাগেরহাট ও খুলনা সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
একদিনের সরকারি সফরে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাট ও খুলনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। পরবর্তীতে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন সরকারপ্রধান।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সক্ষমতা সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তার উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।
মোংলা বন্দরের কর্মসূচি সম্পন্ন করে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দিনব্যাপী এসব নির্ধারিত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।