ডিসেম্বর পর্যন্ত আ.লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে
ডিসেম্বর পর্যন্ত আ.লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে, যাতে দেশের মানুষ নিজেরাই সংঘাতে জড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর দুমকি
উপজেলার সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামীলীগ এবং 'র' দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাই এখন থেকে ডিসেম্বর পর্যন্ত তারা এমন কাজ করবে যেন দেশে একটা গৃহযুদ্ধের মত অবস্থা হয়। এই সুযোগে তারা শেখ হাসিনাকে ভারত থেকে এনে এখানে বসিয়ে দেবে। তিনি বলেন, সেই দিন নাইরে নাতি খাবলাইইয়া, খাবলাইয়া ছাতু খাবি! এটা কখনোই হবে না। তিনি বলেন, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নাই। তাই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে।' আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করেও ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারা পূজাকেও টার্গেট করতে পারে। এই পূজায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজার হাজার মন্দির ভাঙবে তারা। লোকজনকে আহত-নিহত করবে এবং পুরো দোষ বিএনপির কাঁধে চাপানোর চেষ্টা করবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের
নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে পূজামণ্ডপের দায়িত্ব পালনের আহ্বান জানান। পটুয়াখালীতে ‘র’-এর লোকজন রয়েছে বলেও মন্তব্য করেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, পটুয়াখালীতেও ‘র’-এর লোক আছে। তবে এখানে যারা আছে, তাদের আমরা চিনি। তাদের ওপর নজর রাখবেন। সমাবেশে জেলার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। তিনি জানান, পায়রা নদীর ভাঙন রোধে কাজ চলছে এবং শিগগিরই এর অগ্রগতি দৃশ্যমান হবে। এ ছাড়া সাধারণ মানুষের জন্য প্রায় পাঁচ হাজার গভীর নলকূপ বরাদ্দ চেয়ে আবেদন করেছেন বলে জানান তিনি। তার দাবি, ওই আবেদনে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন।
দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে আয়োজিত এ সুধী সমাবেশে সংসদ সদস্যের প্রতিনিধি জহির উদ্দিন খোকনের সভাপতিত্বে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স