ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় প্রশাসনের তোয়াক্কা না করে মা ইলিশ নিধনের মহোৎসব: আর্থিক সংকট ও জেলেদের হা'ম'লা'র মুখে অসহায় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৭ ০১:২২:৩৫
হিজলায় প্রশাসনের তোয়াক্কা না করে মা ইলিশ নিধনের মহোৎসব: আর্থিক সংকট ও জেলেদের হা'ম'লা'র মুখে অসহায় প্রশাসন হিজলায় প্রশাসনের তোয়াক্কা না করে মা ইলিশ নিধনের মহোৎসব: আর্থিক সংকট ও জেলেদের হামলার মুখে অসহায় প্রশাসন
বিশেষ প্রতিনিধি, হিজলা (বরিশাল):


বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা ও এর শাখা নদীগুলোতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ নিধনের অনিয়ন্ত্রিত মহোৎসব। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানের আজ ৭ দিন অতিবাহিত হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাছ ধরা ও কেনাবেচা। ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। প্রশাসন, সামাজিক সচেতনতা কিংবা স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের কোনো তোয়াক্কা না করেই জেলেরা নদীতে নেমে মা ইলিশ শিকার চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে এসব মাছ অবাধে বেচাকেনা হচ্ছে স্থানীয় হাট-বাজার ও ব্যবসায়ীদের মাঝে। স্থানীয়দের সূত্রে জানা যায়, দিন-রাত চব্বিশ ঘণ্টাই মেঘনা নদীতে অবাধে মা ইলিশ নিধন করা হচ্ছে। অভিযান পরিচালনায় প্রশাসনকে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। অভিযানের সার্বিক পরিস্থিতি নিয়ে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা

মাহফুজুর রহমান জানান, "আমি আমার দায়িত্ব নিয়মিত ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে যেভাবে জেলেরা নদীতে নামছে, কোনোভাবেই তাদের থামানো যাচ্ছে না।" পরিস্থিতির ভয়াবহতা এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস শিকদার বলেন, "সরকারের নীতিমালা অনুযায়ী আমাদের প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনোভাবেই জেলেদের দমানো যাচ্ছে না। আমরা নদীতে নামলেই জেলেরা অতর্কিত হামলা চালাচ্ছে। ইটপাটকেল থেকে শুরু করে ধারালো অস্ত্র নিয়ে তারা প্রশাসনের ওপর চড়াও হচ্ছে।" তিনি আরও উল্লেখ করেন, নিধন বন্ধে পর্যাপ্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে অর্থসংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউএনও জানান, মৎস্য অধিদপ্তর কর্তৃক এ ধরনের বিশাল অভিযান পরিচালনার জন্য যে পরিমাণ অর্থনৈতিক বরাদ্দের প্রয়োজন, তা না পাওয়ায় পর্যাপ্ত পরিমাণ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া বা বড় পরিসরে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, জাতীয় সম্পদ ইলিশের বংশবৃদ্ধির লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তবে হিজলার বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের সীমাবদ্ধতা এবং কতিপয় অসাধু জেলের বেপরোয়া মনোভাবের কারণে মা ইলিশ রক্ষার এই জাতীয় উদ্যোগ মারাত্মক হুমকির মুখে পড়েছে।


দ্রুত পর্যাপ্ত লজিস্টিক সহায়তা ও কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত না করা গেলে এই অঞ্চলের ইলিশ সম্পদ রক্ষায় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন সচেতন মহল।,,


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ