চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছে। দিল্লি যদি রিমোট কন্ট্রোলের মতো বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ কখনোই দিল্লির ন্যূনতম আধিপত্য মেনে নেবে না।
শুক্রবার দুপুরে নগরের বন্দর স্টেডিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও জাতীয় ঐক্যের সঙ্গে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।
সরকারের উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় ৫০ শতাংশ সংসদীয় আসনের জোর দেখিয়ে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ শতাংশ ভোটের গণরায় মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিস্টকে মোকাবিলায় দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার জাতীয় ঐক্য তৈরি হবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের কর্ণধার ও শিল্পমালিকরা প্রায়ই বলে থাকেন, ‘শিল্প বাঁচলে, দেশ বাঁচবে।’ এ কথা সত্য। তবে এটাও সত্য যে, ‘শ্রমিক বাঁচলেই, শিল্প বাঁচবে।’ যেসব শ্রমিক কঠোর পরিশ্রম ও ঘামের বিনিময়ে শিল্পকে বাঁচিয়ে রাখেন, সেই শ্রমিকদের খেয়ে-পরে বেঁচে থাকার ন্যূনতম অধিকারও দিতে চান না শিল্পমালিকরা। যে শ্রমনীতি শ্রমিকের দুবেলা খাবারের অধিকার দিতে পারে না, অসুস্থতার সময় প্রয়োজনীয় চিকিৎসার অধিকার নিশ্চিত করতে পারে না, সেই শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।
সরকারকে দেশের সব সম্পদ দেশীয়ভাবে পরিচালনার সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমনকি দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তি এসব ষড়যন্ত্রের অংশ। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। অবিলম্বে দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।
সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০২৭-২০২৮ সেশনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।






