জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষের সময় মেঘনার শাখা নদীতে নিখোঁজ হওয়া আলমগীর দালালকে (৪০) দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েও খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩টা) কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাকুহাটি গ্রামের মোশারফের ছেলে মো. নবু (৫০), চরডুমুরিয়া গ্রামের জজ মিয়ার ছেলে মো. শরিফ খান (৪৬), একই গ্রামের মোফাজ্জল বেপারীর ছেলে মো. আমির হোসেন (৩৮), কংশপুরা গ্রামের হাসমত বেপারীর ছেলে আবু সাঈদ (৩০) এবং বদরুদ্দিন হাজীর ছেলে জসিম হাজী (৩৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২৩ রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষস্থল ও আশপাশের এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন ‘আমার দেশ’কে জানান, মোল্লাকান্দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গতকালের ঘটনায় নিহত সেলিম মোল্লার (৪৫) আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা জানাজা শেষে চরডুমুরিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল হিসেবে পরিচিত মোল্লাকান্দিতে বৃহস্পতিবার ভোরে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওলাদ মোল্লা ও প্রবাসী রহিম মোল্লার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় সেলিম মোল্লা (৪০) নামে একজন নিহত হন। এ ছাড়া চার বছর বয়সী শিশু আবদুর রহমান ককটেলের আঘাতে গুরুতর আহত হয়। সংঘর্ষে একজন নিখোঁজ হওয়ার পাশাপাশি আরও ১০ জন আহত হন।






