নিজস্ব প্রতিবেদক

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় দাঁড়িয়ে থাকা ‘ডিটিএল পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার ভোরে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় দেশীয় অস্ত্র দেখিয়ে দুর্বৃত্তরা বাসের নিরাপত্তারক্ষীকে হুমকি দেয়। একপর্যায়ে বাসটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।