নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে প্রান্ত তালুকদার (২০) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার বিরুদ্ধে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়া ও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটক প্রান্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির একটি আভিযানিক দল প্রান্তকে আটক করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত জানান, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর চালান তিনি। পরবর্তীতে গত বৃহস্পতিবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন। সেখান থেকে শনিবার অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হন।
আটক ব্যক্তিকে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। একই সাথে সীমান্তে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।






