নিজস্ব প্রতিবেদক

১৯৫০-এর দশকের শুরুর দিক। পশ্চিম জার্মানির তৎকালীন রাজধানী বন শহরের এক ব্যস্ত বাসস্টপে প্রতিদিন বিকেলে দাঁড়িয়ে থাকতেন এক সুদর্শন তরুণ। নাম তাঁর ফেলিক্স। বাসস্টপটির কাছেই ছিল পশ্চিম জার্মান চ্যান্সেলরের কার্যালয়। সেখানে গুরুত্বপূর্ণ একটি পদে কাজ করতেন নরমা (ছদ্মনাম)। প্রতিদিনের মতো একদিন অফিস থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে এসে দাঁড়ালেন তিনি। ফেলিক্সের চোখে চোখ পড়ল তাঁর। এগিয়ে এসে কুশল বিনিময় করলেন ফেলিক্স। এক কথা দুই কথায় আলাপ বাড়ল, সময় গড়াল। চেনাজানা থেকে তাঁদের সম্পর্ক রূপ নিল গভীর প্রেমে। একসময় তাঁরা এক ছাদের নিচে বসবাসও শুরু করলেন। সবকিছু ঠিকঠাক ছন্দেই চলছিল। কিন্তু একদিন অফিস থেকে বাসায় ফিরে নরমা দেখেন, ফেলিক্স নেই। তল্পিতল্পা গুটিয়ে উধাও হয়ে গেছেন। এরপর ফেলিক্স আর কখনো ফেরেননি। সারা জীবনে নরমা জানতেও পারেননি, যে তরুণ তাঁর মন চুরি করেছে বলে ভেবেছিলেন, সে আসলে দিনের পর দিন তাঁর কাছ থেকে পশ্চিম জার্মানির সব গোপন নথিপত্র চুরি করেছে। আর সেসব তথ্য পাচার করেছেন পূর্ব জার্মানির কাছে।


আসলে ফেলিক্স ছিলেন পূর্ব জার্মানির কুখ্যাত গোয়েন্দা সংস্থা স্টাসির একজন প্রশিক্ষিত গুপ্তচর। শুধু ফেলিক্স নন, স্নায়ুযুদ্ধের সময় তাঁর মতো আরও অনেক সুদর্শন তরুণকে গুপ্তচর হিসেবে ব্যবহার করত স্টাসি। তাঁদের কাজ ছিল, পশ্চিম জার্মানির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কর্মরত নারীদের প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য হাতিয়ে নেওয়া। ইতিহাসে এই গুপ্তচরেরা ‘রোমিও স্পাই’ নামে পরিচিত। আর যেসব নারীকে ফাঁদে ফেলা হতো, তাদের বলা হতো ‘জুলিয়েট’.


এই প্রেমের ফাঁদ আর গুপ্তচরবৃত্তির পেছনের গল্প বুঝতে হলে ফিরে তাকাতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের সময়ে। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের পর বিজয়ী মিত্রশক্তি দেশটিকে দুটি অংশে ভাগ করে নেয়। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স; অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। মতাদর্শের দ্বন্দ্বে ১৯৪৯ সালে জার্মানি আনুষ্ঠানিকভাবে দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হয়—পুঁজিবাদী ও পশ্চিমা ঘরানার ‘পশ্চিম জার্মানি’ এবং সোভিয়েত-সমর্থিত সমাজতান্ত্রিক ‘পূর্ব জার্মানি’। শুরু হয় ইতিহাসের দীর্ঘতম ছায়াযুদ্ধ বা ‘স্নায়ুযুদ্ধ’। একই ভাষা ও সংস্কৃতির মানুষ হওয়া সত্ত্বেও রাতারাতি দুই জার্মানি একে অপরের চরম শত্রুতে পরিণত হয়। পশ্চিম জার্মানি যোগ দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে, আর পূর্ব জার্মানি জায়গা নেয় সোভিয়েত নেতৃত্বাধীন ‘ওয়ারশ’ জোটে। স্নায়ুযুদ্ধের সেই উত্তপ্ত সময়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের হাতে ছিল ভয়ংকর পারমাণবিক অস্ত্র। সরাসরি যুদ্ধে জড়ালে দুপক্ষই ধ্বংস হয়ে যাবে, এই ভয়ে তারা সম্মুখযুদ্ধ এড়িয়ে চলত। এর বদলে শুরু হয় ছায়াযুদ্ধ, যেখানে গোলাবারুদের চেয়েও শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে গোপন তথ্য।


দুই জার্মানি ছিল এই স্নায়ুযুদ্ধের একেবারে সামনের সারির রণক্ষেত্র। যেকোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে গেলে তা শুরু হতো জার্মানির মাটি থেকেই। তাই ন্যাটো জোট কখন, কোথায় সেনা মোতায়েন করছে, কী ধরনের নতুন অস্ত্র তৈরি করছে কিংবা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কী কূটনৈতিক চাল চালছে, তা আগেভাগে জানা পূর্ব জার্মানি ও সোভিয়েত ব্লকের জন্য বাঁচা-মরার প্রশ্ন হয়ে দাঁড়ায়। আগেভাগে এসব গোপন তথ্য হাতে পেলে একদিকে যেমন প্রতিপক্ষের সম্ভাব্য আক্রমণ ঠেকানো যেত, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতি ও দর-কষাকষির টেবিলে প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করা সম্ভব হতো। শুধু তা-ই নয়, পশ্চিম জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করা বা শীর্ষ নেতাদের ব্ল্যাকমেল করার কাজেও এসব তথ্য ব্যবহার করা হতো। আর পশ্চিমা বিশ্বের এই গোপন নথিপত্র চুরি করার মূল দায়িত্ব পড়ে পূর্ব জার্মানির ভয়ংকর গোয়েন্দা সংস্থা স্টাসির ওপর।


পশ্চিম জার্মানির দুর্ভেদ্য সরকারি দপ্তরগুলো থেকে গোপন নথি বের করে আনা মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসির বৈদেশিক গোয়েন্দা শাখার (এইচভিএ) প্রধান মার্কাস উলফ এক অভিনব সমাধান বের করেন। গোয়েন্দা ইতিহাসে ‘মুখহীন মানুষ’ বা ‘ম্যান উইদাউট আ ফেস’ নামে পরিচিত এই গোয়েন্দা প্রধান বুঝেছিলেন, পশ্চিম জার্মানির মন্ত্রী, জেনারেল বা শীর্ষ কর্মকর্তাদের সরাসরি বশ করা প্রায় অসম্ভব। তবে তাঁদের ব্যক্তিগত সহকারী বা সেক্রেটারিদের ফাঁদে ফেলা তুলনামূলক সহজ, যাঁদের হাত দিয়েই রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল ও গোপন সব নথি আদান-প্রদান হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ জার্মান পুরুষ প্রাণ হারানোয় ১৯৫০-এর দশকে পশ্চিম জার্মানিতে পুরুষের সংখ্যা মারাত্মকভাবে কমে গিয়েছিল। ফলে সরকারি দপ্তরগুলোতে কর্মরত বিপুলসংখ্যক মাঝবয়সী ও তরুণী নারী ছিলেন নিঃসঙ্গ ও অবিবাহিত। মার্কাস উলফ নারীদের এই একাকিত্বকেই তাঁর সবচেয়ে বড় অস্ত্র হিসেবে বেছে নেন। তাঁর নির্দেশে পূর্ব জার্মানি থেকে বেছে বেছে সুদর্শন, ভদ্র, শিক্ষিত ও বাগ্মী তরুণদের স্টাসির গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়া শুরু হয়।


সিআইএর প্রকাশিত বিবরণ অনুযায়ী, ‘রোমিও স্পাই’ নিয়োগের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই করা হতো। প্রায় ৯৯ শতাংশ প্রার্থী বাদ পড়তেন। নির্বাচিতদের বেশির ভাগের বয়স ছিল ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। স্টাসির প্রশিক্ষণে তাঁদের শেখানো হতো কীভাবে নারীদের সঙ্গে পরিচিত হতে হয়, আস্থা অর্জন করতে হয় এবং ধীরে ধীরে তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে হয়। এরপর নির্দিষ্ট সরকারি দপ্তরে কর্মরত কোনো নারীকে লক্ষ্য করে শুরু হতো অভিযান। অফিসের আশপাশে, ক্যাফে, গির্জা কিংবা বাসস্টপে ‘কাকতালীয়ভাবে’ নারীদের সঙ্গে দেখা করতেন রোমিও স্পাইরা। বন্ধুত্ব থেকে গড়ে উঠত প্রেমের সম্পর্ক। আর সেই সম্পর্ক গভীর হলে শুরু হতো তথ্য সংগ্রহ। ১৯৮৭ সালে স্টাসির একটি প্রশিক্ষণ নথিতে পশ্চিম জার্মানির সরকারি দপ্তরে কর্মরত নারী সচিবদের সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ পাওয়া যায়। চ্যান্সেলরের কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের প্রতি বিশেষ আগ্রহ ছিল সংস্থাটির। কারণ, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নথি পৌঁছানোর সুযোগ ছিল। নথিতে নারীদের সঙ্গে দীর্ঘস্থায়ী বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার কথাও বলা হয়েছিল।


১৯৮৯ সালে পূর্ব জার্মানিতে রাজনৈতিক পরিবর্তন শুরু হয়। একই বছরের ৯ নভেম্বর ভেঙে ফেলা হয় বার্লিন ওয়াল। পরের বছর, ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একীভূত হয়। এর মধ্য দিয়ে গোয়েন্দা সংস্থা স্টাসিরও অবসান ঘটে। মার্কাস উলফ জার্মানি একীভূত হওয়ার পর মস্কোয় চলে যান। ১৯৯১ সালে তিনি জার্মানিতে ফিরে আত্মসমর্পণ করেন। ১৯৯৩ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে পরে আদালত সেই সাজা বাতিল করেন। কারণ, পূর্ব জার্মানি একটি সার্বভৌম রাষ্ট্র ছিল এবং সেই রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে তাঁকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দণ্ডিত করা যায় না বলে আদালত মত দেন। রোমিও স্পাইদের অনেকের ক্ষেত্রেও শেষ পর্যন্ত একই ধরনের আইনি জটিলতা দেখা দেয়। মার্কাস উলফ তাঁর আত্মজীবনীতে রোমিও স্পাইদের নিয়ে লিখেছিলেন, তাঁদের বেছে নেওয়া পদ্ধতি সব সময় নৈতিকভাবে সঠিক ছিল না। তবে তাঁর মতে, যত দিন গুপ্তচরবৃত্তি থাকবে, তত দিন গোপন তথ্যের নাগাল পেতে প্রেমের সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টাও থাকবে।