নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে এত দিনে বাংলাদেশের ইউরোপ-আমেরিকা হয়ে যাওয়ার কথা ছিল। তবে তাঁরা ইউরোপ-আমেরিকা হতে চান না, একটি ভালো বাংলাদেশ চান।
আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন।
জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, সংসদে এ বিষয়ে জবাবদিহি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন। অতীতেও দায়িত্বে থাকা মন্ত্রীরা একই কথা বলেছেন। তাঁদের এই বক্তব্য ঠিক হলে এত দিনে বাংলাদেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাওয়ার কথা ছিল। তবে তিনি ইউরোপ-আমেরিকার মতো নয়, একটি ভালো বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। কবে সেই বাংলাদেশ হবে, তা নিয়ে জনগণের মধ্যে আকাঙ্ক্ষা ও প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, মেয়েশিশুদের ওপর অবর্ণনীয় নির্যাতন ও তাদের নিরাপত্তাহীনতার কারণে মানুষ আতঙ্কিত। চারদিকে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এর জন্য সরকারি দলের নেতা-কর্মীরা দায়ী। মাদক নিয়ন্ত্রণে আইন পাস হয়েছে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর হুশিয়ারিও দেওয়া হয়েছে। কিন্তু এসব ঘোষণার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। দৃশ্যমান কোনো পদক্ষেপ বা ফলাফল জনগণের সামনে নেই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে দ্রব্যমূল্যের একটি তালিকা দেখানো হয়। কিন্তু এক বছর আগে গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের দাম কত ছিল, এখন কত—তা বলা হয় না। একইভাবে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম আগে কত ছিল, এখন কত, সেটিও বলা হয় না। তিনি বলেন, ‘নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে। সব দোষ অতীতের সরকারগুলোর আর সব দোষ বর্তমানে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, এটার। আমাদের কোনো দোষ নাই।’
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করেছে, সেটি আইনসম্মত নয় বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দল এ কমিটির বিষয়ে প্রতিবাদ জানালে এর নামের সঙ্গে ‘বিশেষ’ শব্দটি যুক্ত করা হয়। কিন্তু সংসদে এই শব্দসহ কমিটি গঠনের প্রস্তাব পাস হয়নি। তাই এটি একটি অসাংবিধানিক সংবিধান সংশোধন কমিটি।
জাতীয় ঐক্য গঠনের বিষয়ে সরকারের উদ্দেশে জামায়াতের আমির বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন করতে হবে। তা করা হলে ২০২৪ সালের মতো আবারও সবাই ঐক্যবদ্ধ হবেন। নতুন করে জাতীয় ঐক্য গঠনের কোনো প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না। গণরায় বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় সিসাঢালা ঐক্য তৈরি হবে। তিনি বলেন, মূল বিষয়টি উপেক্ষা করে সরকার ঐক্যের চেষ্টা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে। এতে বাংলাদেশের কোনো সুবিধা হবে না। বরং এর সুযোগ নেবে অতীতের ফ্যাসিবাদীরা। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা ফ্যাসিবাদীদের সেই সুযোগ দেবে কি না।
গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, দেশের একটি জেলায় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে এক সপ্তাহ ধরে সরকারের কোনো ছায়াও মানুষ খুঁজে পায়নি। ওই জেলার সরকারদলীয় তিন সংসদ সদস্য এখন পর্যন্ত নিজ এলাকায় গিয়ে জনগণের খোঁজ নিয়েছেন কি না, সে ধরনের কোনো তথ্যও নেই। তিনি বলেন, ‘বিশৃঙ্খলা এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা হয়েছে। কী আশ্চর্য! যেখানে সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা, সেখানে আমাদের গভীর নীরবতা।’
গোপালগঞ্জের ঘটনার সঙ্গে প্রতিবেশী দেশের কেউ কেউ অতি উৎসাহে জড়িয়ে পড়ছেন বলে দাবি করেন জামায়াতের আমির। তিনি বলেন, তাঁদের কেউ বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। একটি সরকার কীভাবে এ বিষয়ে নীরব থাকতে পারে, তা তাঁদের বিস্মিত করেছে। সীমান্ত রক্ষা এবং মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত রক্ষার দায়িত্ব পালনে সরকার কতটা সফল, জনগণই তার বিচার করবে বলে মন্তব্য করেন তিনি। সরকারের সঙ্গে মতবিনিময়ের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা জনগণের দাবি নিয়ে সরকারের সঙ্গে বসবেন।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে শফিকুর রহমান বলেন, এ শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, যাতে এটিকেও মাটির সঙ্গে ধসিয়ে দেওয়া যায়। তিনি বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়। তবে বন্ধুপ্রতিম দেশগুলোর সংবাদমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন শিল্প নিয়ে ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। এমনকি এসব শিল্প টিকবে না বলেও মন্তব্য করা হচ্ছে। এ ধরনের সমালোচনায়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বাংলাদেশের শিল্প ধ্বংসের পেছনে ওই দেশগুলোরও কোনো ভূমিকা আছে কি না।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আ ন ম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।




