নিজস্ব প্রতিবেদক
পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আটজন নিহত হয়েছেন এবং পাইলট গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকা নিয়ে গঠিত প্রত্যন্ত উপত্যকা অঞ্চলে একটি টহল দলের সদস্যদের উদ্ধারের অভিযানে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে স্প্যানিশ ভাষায় এই অঞ্চলটি ‘ভ্রায়েম’ নামে পরিচিত।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটি এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে পাওয়া গেছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘হেলিকপ্টারের পাইলট এনজো এসপিনোজা রোকে একমাত্র জীবিত ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য লিমায় নেওয়া হয়েছে।’
পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী উপত্যকা ভ্রায়েম। মাদক পাচার এবং শাইনিং পাথ নামের গেরিলা গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের উপস্থিতির কারণে কয়েক দশক ধরে এলাকাটিতে সামরিক তৎপরতা জোরদার রয়েছে।
বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকায় তিনজন সেনাসদস্যকে উদ্ধার করেছিল এটি।
কী কারণে ওই সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে উদ্ধার করা ওই তিন সেনাসদস্যও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেরু অন্যতম শীর্ষস্থানীয়।





