জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার পথে আটক করেছে বিজিবি।


আটক প্রান্ত তালুকদার (২০) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।


শনিবার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪ এস-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির একটি টহল দল ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে।


বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেছেন যে গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন।


এরপর গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপন করেন। সেখান থেকে শনিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন।


পরবর্তী সময়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


কলারোয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, রাতে বিজিবির একজন নায়েক সুবেদার বাদী হয়ে কলারোয়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।