নিজস্ব প্রতিবেদক

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং নগরবাসীর নাগরিক অধিকার প্রতিষ্ঠায় পাড়া মহল্লায় গণজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।


শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে কাফরুল পশ্চিম থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কাফরুল পশ্চিম থানা জামায়াতের আমীর আবদুল মতিন খান।


তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বারবার অস্থিতিশীলতার মুখে পড়ছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এর ফলে দেশের তৈরি পোশাকশিল্প, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান ও রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। জুলাই বিপ্লবের পর দেশের মানুষ একটি স্থিতিশীল পরিবেশ, অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের প্রত্যাশা করেছিল। কিন্তু দেশি বিদেশি একটি গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।



মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও সাহসী ভূমিকা পালন করেছেন। জনগণের সেই অর্জন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। দেশের ভেতরে ও বাইরে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাড়া মহল্লায় জনসচেতনতা ও গণজাগরণ গড়ে তুলতে হবে। প্রতিটি নাগরিকের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বার্তা পৌঁছে দিতে হবে।


তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, যানজট, অপরিচ্ছন্নতা ও নাগরিক সেবার সংকট দীর্ঘদিনের সমস্যা। নগরীর উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় নেতা-কর্মীদের দিয়ে নগর পরিচালনার দায়িত্ব দেওয়ার কারণে নাগরিকরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। নগরীর উন্নয়ন তহবিল ব্যক্তিগত ও নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মেয়রের মেয়াদ দুই বছরেরও বেশি সময় আগে শেষ হলেও নির্বাচন দেওয়া হচ্ছে না কেন, সরকারের কাছে সেই প্রশ্ন রাখতে চাই। অনতিবিলম্বে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করে সরকারের অনুগত প্রতিষ্ঠানের মতো আচরণ করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদী কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি করেন।


তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা না হলে তাঁরা বসে থাকবেন না। এ জন্য নেতা-কর্মীদের পাড়া মহল্লায় নাগরিক সমাবেশ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।


মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং নাগরিক সেবা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যুবক ও ছাত্রদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং শিল্প কারখানা গড়ে তোলার বিষয়ে জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে।