মোঃ নুহু ইসলাম : পটুয়াখালী ঃ স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, দশমিনা-গলাচিপা আসনের সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলহাজ্ব মো. শাহজাহান খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দশমিনা উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক মরহুম শাহজাহান খানের রাজনৈতিক জীবন, আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মরহুম শাহজাহান খানের ছেলে, সাবেক চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিবলু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহআলম শানু।

দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার।

স্মরণসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুম এই রাজনৈতিক নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শেষপর্বে শহীদ আলহাজ্ব মো. শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।