চুয়েটে সংঘর্ষে আহত ৬
চুয়েট সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুপক্ষের মধ্যে কয়েক দফা মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে আলাপ করছিলেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে গত শুক্রবার রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৈঠক করেন। ওই সভায় দুপক্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার এক পর্যায়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন, নাইমুলসহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন। মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুল আহত হন। পরে প্রধান ফটকের সামনেও আরেক দফায় মারামারিতে জড়ান শিক্ষার্থীরা। সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে আমাদের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন আহত হন। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।





