আল–জাজিরা

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি পুরোপুরি বন্ধ থাকবে। এদিকে একই জলসীমায় একটি তেলের ট্যাংকারে মাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।


শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শত্রুপক্ষ হামলা চালালে কোনো কালক্ষেপণ ছাড়াই জবাব দেবে ইরান। আমির হাতামি দাবি করেন, তাঁদের নৌবাহিনী সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে। নিজেদের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


এদিকে হরমুজ প্রণালির পূর্ব অংশে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির মেহর বার্তা সংস্থার খবরে বলা হয়, তিনটি তেলবাহী ট্যাংকার নিয়ম ভেঙে ইরানের ঘোষিত ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিল। এর মধ্যে একটি ট্যাংকার নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। এই ঘটনার পর সঙ্গে থাকা বাকি দুটি ট্যাংকার নিজেদের পথ পরিবর্তন করে আবার পারস্য উপসাগরের দিকে ফিরে যায়।