নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ছক্কু মিয়া (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছক্কু মিয়া। বিষয়টি তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষকে জানানো হয়। কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ছক্কু মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতালেববাগ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোহাম্মদ জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






