নিজস্ব প্রতিবেদক

পশ্চিমবঙ্গের কলকাতায় তৃণমূল কংগ্রেসের একটি নির্মীয়মাণ ভবন সিল করে দিয়েছে পুলিশ। শহরের তোপসিয়ায় অবস্থিত দলটির পুরোনো কার্যালয়সংলগ্ন ভবনটির সামনে ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড ও গার্ডরেল বসানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে কেবল নির্মাণকাজ চালানো যাবে, কোনো রাজনৈতিক সভা বা সাংগঠনিক কার্যক্রম করা যাবে না।


প্রশাসনের এই পদক্ষেপকে ‘ষড়যন্ত্র’ ও রাজনৈতিক দমন-পীড়ন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী তৃণমূল নেতারা। তাদের দাবি, দলীয় কার্যালয় কার্যত নিয়ন্ত্রণে নিয়ে সাংগঠনিক কার্যক্রম বন্ধের চেষ্টা চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩৬জি তোপসিয়া রোডের পুরোনো তৃণমূল ভবনটি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতারা ব্যবহার করতেন। পরে ভবনটির একাংশে ছয়তলা নতুন ভবন নির্মাণ শুরু হয় এবং কয়েক দিন ধরে সেখানে দলীয় বৈঠক হচ্ছিল।


বিষয়টি কলকাতা পুরসভার নজরে এলে তারা আনন্দপুর থানায় অভিযোগ জানায়। এরপর বৃহস্পতিবার মধ্যরাত থেকে তৎপর হয় পুলিশ এবং শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটি সিল করে দেয়। বর্তমানে ভবনটিতে দুজন নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক ছাড়া তৃণমূলের কোনো নেতা-কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি সেখানে একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা বাতিল হয়।


তৃণমূলের সংসদ সদস্য দোলা সেন বলেন, ‘রাতে পুলিশ প্রায় ভবনটি দখল করে নিচ্ছিল। ৩০ বছর ধরে ওই জায়গা আমাদের দলের সম্পত্তি এবং আমাদের কাছে সব বৈধ নথি রয়েছে। ষড়যন্ত্র করে ভবনটি সিল করে দেওয়া হয়েছে।’ পুলিশের অভিযানের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায়সহ কয়েকজন শীর্ষ নেতা। তারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।


কলকাতা পুলিশ সূত্রের দাবি, ছয়তলা নির্মীয়মাণ ভবনটির কাজ এখনো শেষ হয়নি এবং বসবাস বা ব্যবহারের জন্য কলকাতা পুরসভার প্রয়োজনীয় ‘কমপ্লিশন সার্টিফিকেট’ (সিসি) পাওয়া যায়নি। পুরসভার আইন অনুযায়ী, এই সনদ ছাড়া নির্মীয়মাণ ভবন ব্যবহার করা বেআইনি। দুর্ঘটনা এড়ানো ও নিরাপত্তার স্বার্থেই পুরসভার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের ভাষ্য।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী তৃণমূল নেতারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। মেট্রোপলিটনের কার্যালয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নিয়ন্ত্রণে থাকায় এবং তোপসিয়ার ভবন সিল হয়ে যাওয়ায় কলকাতায় দলটির কালীঘাট শিবির সাংগঠনিক কার্যক্রম নিয়ে সংকটে পড়েছে।