নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ বাহন লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তাসফিয়া প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে এবং আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, শনিবার সকালে সম্রাট বাইসাইকেলে করে তাসফিয়া ফারিহাকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে যাচ্ছিল। পথে কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ লটাহাম্বার তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসফিয়া ফারিহার মৃত্যু হয় এবং সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনার পরপরই লটাহাম্বারের চালক ও সহযোগীরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং চালককে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।





