নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর কার্যক্রম বন্ধ থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। গত ১৯ নভেম্বর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।


বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন ওসি মাহমুদুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে তিনি সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ঘটনার পর থেকে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহতসহ নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়।


এমন পরিস্থিতিতে নবাগত ওসি মো. মাহমুদুর রহমান জানান, থানায় অগ্নিসংযোগের পর থেকে থানার সব কার্যক্রম বন্ধ রয়েছে এবং পুলিশ সদস্যরা থানার পাশের ভবনে অবস্থান করছেন। উল্লেখ্য, এর আগে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা আবদুল্লাহ আল মামুনকে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর বদলি করা হয়।