আ’লীগ অবরোধকারীদের ধন্যবাদ দিয়ে ওসি বললেন, ‘আপনারা সাকসেস’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মাদারীপুর প্রতিনিধি
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়েছেন মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে দলটির নেতাকর্মীদের হয়রানি না করার কথাও বলেছেন তিনি। ওসির এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা চলছে।
আজ রোববার সকাল ১১টার দিকে মাদারীপুরের টেকেরহাট এলাকায় সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে ওসি বলেন, ‘ধন্যবাদ আপনাদের সবাইকে। গত রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না যে, আগ্রাসী ভূমিকা নিয়ে আমরা বা আমি ওসি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাসায় হামলা করেছি বা হয়রানি করেছি। যদি কেউ বলতে পারেন, তাহলে এর উত্তর হবে—আমি এটা বলতে পারি, কারণ আমার এখানকার এমপি মহোদয় বলেছেন, আমি আওয়ামী লীগের ভোটে নির্বাচিত। এখানে ১০ বা ১৫ শতাংশ অন্য ভোটার, বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু তাঁকে ভোট দিয়েছেন।’
ওসি আরও বলেন, ‘তিনি (এমপি) কখনও বলেননি অমুককে ধরো, তমুককে ধরো। এগুলো কিন্তু এক বছরেও বলেননি। কথা সত্য? সত্য কখনও বলেননি। এজন্য আমার কথা হচ্ছে, কারও মনে যদি কোনো কষ্ট থেকে থাকে, সেগুলো ভুলে আপনাদের ও রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য শান্ত হবেন এবং রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন। তারাই আপনাদের আত্মীয়স্বজন।’
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন তারা।
শনিবার রাত ১২টার পর জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে ভোর ৪টা থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান ও অবরোধ শুরু করেন তারা। ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট-পাটকেল। আত্মরক্ষায় টিন দিয়ে তৈরি করা হয় বেষ্টনী ও ঢাল।
এমন দৃশ্য দেখা গেছে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোররাত থেকে দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকরা। তবে জরুরি সেবার গাড়ি ছেড়ে দেওয়া হয়।
অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জরুরি যানবাহন চলাচল নিশ্চিত করা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান তারা।
এ বিষয়ে ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা যাতে কোনো ভাঙচুর ও নাশকতা না চালায়, তাই এ কথা বলা হয়েছে। আন্দোলনকারী আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি পুলিশ বা সাধারণ মানুষের ওপর হামলা চালাতো তাহলে প্রাণহানির ঘটনা ঘটতেও পারত। এ শঙ্কা থেকেই এসব কথা বলা হয়েছে।





