কুমিল্লা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় আটজনকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) উপজেলার মাতুর বাড়ির মোড় ও দশদোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল হাসান ভূঁইয়া।


বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।


অভিযানে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে ছয়টি, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে তিনটি, বকেয়ার কারণে একটি ও আবাসিক সংযোগ বাণিজ্যিকভাবে ব্যবহারের দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া নয়টি রেগুলেটর বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৬০০ ফুট পাইপসহ অন্যান্য সরঞ্জাম উচ্ছেদ ও জব্দ করা হয়।


এ সময় অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের দায়ে আটজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে বিজিডিসিএলের গৌরীপুর বিক্রয় কার্যালয়, ভিজিল্যান্স বিভাগ, প্রকৌশল বিভাগ, নিরাপত্তা ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।