নিজস্ব প্রতিবেদক
গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন। খবর আলজাজিরার।
তিনি বলেন, হামলায় সরাসরি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা ও খামিস মুশাইত শহরের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে।
হুথিদের দাবি, তৃতীয় হামলাটি চালানো হয়েছে জিজান তেল শোধনাগারে। এতে লক্ষ্যবস্তু এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওয়িয়া গ্যাস প্ল্যান্টেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।
পঞ্চম অভিযানে আল-শুকাইক ও জিজান বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ইয়াহিয়া সারি। এতে বিদ্যুৎকেন্দ্র দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হুথিরা।
তবে হুথিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।






