নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের জন্য আবারও গর্বের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন জেলার তিন প্রতিভাবান ফুটবলার। তারা হলেন রানীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির স্বপ্না রানী, মোছা. সাগরিকা ও কোহাতি কিসকু।
তিনজনের মধ্যে কোহাতি কিসকু খেলবেন ডিফেন্ডার হিসেবে, আর স্বপ্না রানী ও মোছা. সাগরিকা খেলবেন মিডফিল্ডার হিসেবে।
আগামী ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ের ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে খেলা — এটা শুধু তিন ফুটবলারের নয়, পুরো ঠাকুরগাঁওয়ের গর্ব।






