গাজীপুর মহানগর প্রতিনিধি

একমাত্র প্রতিবন্ধী সন্তানের মৃত্যুর পরও প্যারোলে সাময়িক মুক্তির কোনো আবেদন করেননি কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মী (৪৪)।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে আনা লাশ দেখেই তিনি ভেতরে ফিরে যান।


কারাগার ও প্রশাসন সূত্রে জানা গেছে, শারমিন সুলতানার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য গতকাল শুক্রবার রাতে মারা যায়। রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাসার শৌচাগারে গিয়ে দীর্ঘক্ষণ বের না হওয়ায় পরিবারের লোকজন দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করেন।


সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শারমিন সুলতানা বা তার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। এর বদলে কেবল কারাফটকে লাশ দেখার অনুমতি চাওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা। তিনি জানান, এমন মানবিক বিষয়ে প্যারোলের আবেদন করলে প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়। কিন্তু এ ঘটনায় কেউ প্যারোলে মুক্তির জন্য আবেদনই করেননি।


শনিবার দুপুর ১২টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তূর্যের লাশ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে আসেন তার বাবা শাহাদাৎ হোসেন নিপু। কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় শারমিন সুলতানা ফটকে এসে ছেলেকে শেষবারের মতো দেখেন। এরপর লাশ দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং শারমিনকে পুনরায় কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।


কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো: নজরুল ইসলাম জানান, বিধি মোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় মাকে সন্তান দেখার সুযোগ দেয়া হয়েছে।


এদিকে, ছেলের মৃত্যুর মতো শোকাবহ ঘটনাতেও মা হয়ে শারমিন সুলতানা কেন প্যারোলের আবেদন করলেন না, তা নিয়ে স্থানীয় ও সচেতন মহলে নানা আলোচনা চলছে।


সংশ্লিষ্টদের মতে, প্যারোলের আবেদন করলে তিনি সাময়িক মুক্তি পেয়ে ছেলের দাফন-কাফনে অংশ নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাতের সুযোগ পেতেন। কিন্তু সেটি না করার পেছনে কোনো আইনি বা রাজনৈতিক কারণ রয়েছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শারমিন সুলতানাকে গ্রেফতার করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক নেত্রী ছিলেন।