নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং জোরদারে ২৮ নভেম্বর শনিবার রাঙামাটির রাজস্থলী থানা ও বিলাইছড়ির দুর্গম ফারুয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সকালে রাজস্থলী থানায় পৌঁছালে ওসি তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা ও সীমান্ত সড়কসংলগ্ন ফারুয়া ফাঁড়ির সার্বিক কার্যক্রম, জনসেবার মান, রেজিস্টারপত্র ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দুর্গম অঞ্চলে সাধারণ মানুষের আস্থা অর্জন ও সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ফারুয়া ফাঁড়ি পরিদর্শনকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান ও কার্বারিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, কল্যাণ ও বিভিন্ন সমস্যা-সুবিধার খোঁজখবর নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।






