স্পোর্টস ডেস্ক
মৌসুমের শুরুতে টানা সাত জয়ে উড়ছিল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগেও জয়ের ধারায় ছিল দলটি। কিন্তু সেই ওড়া এখন থমকে গেছে। প্রিমিয়ার লিগে সবশেষ চার ম্যাচে মাত্র এক পয়েন্ট, টানা তিন হার পেরিয়ে এক ড্র—সব মিলিয়ে ছন্দ খুঁজছে এনজো মারেস্কার দল। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত নন সিটি কোচ। তার মতে, নতুন করে দল গড়ার প্রক্রিয়ায় এমন ওঠানামা স্বাভাবিক।
শুক্রবার সংবাদ সম্মেলনে মারেস্কা বলেন, ‘পরিবর্তনের জন্য সময় প্রয়োজন। অনেকবার বলেছি আমি কোনো জাদুকর নই। এখানে পরিবর্তন চলছে, এটা স্বাভাবিক। আট-নয়জন নতুন খেলোয়াড় এসেছে, কোচও নতুন। তাই সময় দিতে হবে।’ তিনি আরো বলেন, দল জিততে চায়, তবে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না তিনি।
গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর গত জুনে কোচ হন মারেস্কা। তার অধীনে মৌসুমের প্রথম সাত লিগ ম্যাচ জিতেছিল সিটি। কিন্তু এরপর অ্যাস্টন ভিলা, ব্রাইটন ও নটিংহ্যাম ফরেস্টের কাছে টানা তিন ম্যাচে হারে তারা। সবশেষ ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ফলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে সিটি, যা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে।
আজ আর্সেনালের মাঠে খেলবে সিটি। শিরোপার দৌড়ে ব্যবধান কমানোর পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণেরও পরীক্ষা এটি। মারেস্কা বলেছেন, হার বা জিতÑফল নিয়ে আগাম আতঙ্কে না থেকে দলকে আরো ভালো করার দিকেই তার মনোযোগ।





