নিজস্ব প্রতিবেদক

মৃত্যুর প্রায় তিন বছর পর কবর থেকে তোলা হয়েছিল ‘পাগল মন’-এর নায়িকা অন্তরার দেহাবশেষ। মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর মা আমেনা খাতুন। সেই অভিযোগে করা মামলায় আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে দেহাবশেষ তুলে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য।


গত সপ্তাহে, ১৫ নভেম্বর ছিল অন্তরার জন্মদিন। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছে তাঁর অভিনয়ের স্মৃতি, সঙ্গে মৃত্যুকে ঘিরে ওঠা পুরোনো প্রশ্নও। ২০১৪ সালের ৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই নায়িকা। সেদিন হাসপাতালে নেওয়ার আগে কী ঘটেছিল? মেয়ের মৃত্যুর পর কেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমেনা খাতুন?


চাঁদপুর থেকে ঢাকায় আসা পারভীন আক্তার লাকি চলচ্চিত্রে পরিচিতি পান অন্তরা নামে। ছোটবেলায় ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নবাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাতেও দেখা যায় তাঁকে জোসনার শৈশবের চরিত্রে। তবে নায়িকা হিসেবে তাঁর পরিচিতি তৈরি হয় তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মেহেদী। সিনেমার ‘পাগল মন রে’ গানটি তখন ছড়িয়ে পড়ে দেশের আনাচকানাচে। রাতারাতি পরিচিতি পান অন্তরা।


এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ‘প্রেমের কসম’ সিনেমায় অন্তরার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মাহফুজ আহমেদের। এ ছাড়া নাঈম, মান্নাসহ সে সময়ের একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ২০০০ সালের পর থেকে চলচ্চিত্রে তাঁর ব্যস্ততা কমতে থাকে। ব্যক্তিগত জীবনেও আসে পরিবর্তন। প্রথম বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যান অন্তরা। একসময় মানসিকভাবে ভেঙেও পড়েন বলে জানা যায়।


চলচ্চিত্রে কাজ করতে গিয়ের একসময়ে এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় অন্তরার। ওই ব্যবসায়ী তাঁকে বিয়ের প্রস্তাব দেন। সংসার গড়ার আশায় ২০১০ সালে আবার গাজীপুরের ব্যবসায়ী শফিকুল হক খোকনকে বিয়ে করেন অন্তরা। বিয়ের পর ঢাকার বড় মগবাজারে সংসার শুরু করেন তাঁরা। চলচ্চিত্রের ব্যস্ততা ছেড়ে সংসারেই মনোযোগী হন অন্তরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তাঁদের দাম্পত্য জীবনে যে জটিলতা তৈরি হচ্ছিল, তা তখন অনেকেরই জানা ছিল না। অন্তরা পরে জানতে পারেন শফিকুলের আগের সংসার রয়েছে। তাঁর সন্তানও ছিল কয়েকজন। অন্তরা নিজের আগের বিয়ের কথা স্বামীকে জানালেও শফিকুলের আগের সংসারের বিষয়টি বিয়ের সময় গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন অন্তরা। স্বামীর আগের সংসারে গিয়ে সতিনের সঙ্গে বসবাস করতে চাননি তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। এই নিয়ে নিয়মিত ঝগড়াও হতো। এরপর ২০১৪ সালের জানুয়ারি মাসে হঠাৎ খবর আসে, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিত্রনায়িকা অন্তরা। পরে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কিন্তু তাঁর মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তাঁর মা।


অন্তরার মৃত্যুকে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তাঁর মা। তাঁর অভিযোগ ছিল, মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি; বরং তাঁকে নির্যাতন করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগে কী ঘটেছিল, কীভাবে তিনি অসুস্থ হলেন—এসব তথ্যও পরিবারের কাছ থেকে আড়াল করা হয়েছিল বলে গণমাধ্যমে দাবি করেন তিনি।


অন্তরার মায়ের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও শফিকুল কাউকে তাঁর মেয়ের কাছে যেতে দেননি। এমনকি মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ময়নাতদন্তের প্রতিবেদনও তাঁকে দেখানো হয়নি বলে দাবি করেন তিনি। প্রথম দিকে এসব অভিযোগ খুব একটা গুরুত্ব পায়নি। স্বাভাবিক নিয়মেই আজিমপুর কবরস্থানে দাফন করা হয় অন্তরাকে। এমনকি এফডিসিতেও তাঁর মরদেহ নেওয়া হয়নি শেষ শ্রদ্ধা জানানোর জন্য।


চলতে থাকে মামলা। অন্তরার মৃত্যুর প্রায় তিন বছর পর মামলায় আসে নতুন মোড়। আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে তাঁর মরদেহের দেহাবশেষ তোলা হয়। পরে তা পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য। ঘটনাটি তখন চলচ্চিত্র অঙ্গন ও গণমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেয়। মৃত্যুর এত দিন পর দেহাবশেষ পরীক্ষা করে কি জানা সম্ভব হবে অন্তরার মৃত্যুর প্রকৃত কারণ? তাঁকে হত্যা করা হয়েছিল, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিল—সেই প্রশ্ন সামনে আসে।


তদন্তের এই পর্যায়ে অন্তরার আগের সংসারের মেয়ের বক্তব্যও আলোচনায় আসে। তাঁর অভিযোগ ছিল, অন্তরার সঙ্গে শফিকুলের বিরোধ চলছিল। মায়ের মৃত্যুর দিন হাসপাতালে নেওয়ার আগে বাসার তাঁর ওপর নির্যাতন করা হয়েছিল। পরে ঘরে গিয়ে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। এরপর তাঁকেই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হয়। অন্তরার পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, হাসপাতালে নেওয়ার পর শফিকুল নিজের পছন্দের হাসপাতালে তাঁকে ভর্তি করান। চিকিৎসাধীন থাকার সময়ও পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে তাঁর যোগাযোগ সীমিত ছিল। এসব অভিযোগ অন্তরার মৃত্যুকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়ে দেয়।


মৃত্যুর প্রায় তিন বছর পর কবর থেকে তোলা দেহাবশেষ পরীক্ষা করা ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য ছিল কঠিন কাজ। কারণ, এত দীর্ঘ সময় পর দেহের অনেক আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তখন আলোচনা আসে, অন্তরাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে—এমন সন্দেহের কথাও। অভিযোগ ছিল, তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল এবং হাতের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য প্রয়োজন ছিল বৈজ্ঞানিক পরীক্ষা ও তদন্ত। ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল হাড়ের নমুনা পরীক্ষা। কিছু বিষের উপাদান দীর্ঘ সময় পরও হাড় শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে হাড় বা কোনো আঘাত বা ভাঙনের চিহ্ন রয়েছে কি না, সেটিও পরীক্ষা করে দেখার সুযোগ ছিল। তবে তিন বছর পর এসব পরীক্ষা থেকে কতটা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, তা নিয়ে সংশয় ছিল। মৃত্যুর পরপরই দাফন, মায়ের হত্যা অভিযোগ, মামলা এবং তিন বছর পর কবর থেকে দেহাবশেষ তোলার ঘটনা—সব মিলিয়ে অন্তরার মৃত্যু ঘিরে তৈরি হয় এক রহস্যময় অধ্যায়। শেষ পর্যন্ত এ রহস্যের আর উত্তর মেলেনি। কোনো রিপোর্ট আর সামনে আসেনি।


সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল ইসলাম বলেছিলেন, ‘ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।


চিত্রনায়িকা অন্তরার প্রকৃত নাম পারভীন আক্তার লাকি। ১৯৭৯ সালের ১৫ নভেম্বর তাঁর জন্ম। ২০১৪ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন অন্তরা। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়। পরে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান।


ছবির ‘পাগল মন রে’ গানটি ব্যাপক জনপ্রিয়তায় রাতারাতি দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। ক্যারিয়ারে নাঈম ও মান্নার মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করেছেন অন্তরা। তাঁর অভিনীত ‘প্রেমের কসম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অভিনেতা মাহফুজ আহমেদের। এ ছাড়া ‘লেডি র‍্যাম্বো’, ‘আমার মা’, ‘দোলন চাঁপা’, ‘শয়তান মানুষ’, ‘ফজর আলী আসছে’ ও ‘নাগনাগিনীর প্রেম’ তাঁর উল্লেখযোগ্য সিনেমা।