বিনোদন প্রতিবেদক

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই সময়টুকু ঘিরে আছে পারিবারিক আনন্দ। কিন্তু কানাডায় কার কাছে যান ববিতা? তাঁর সন্তান কতজন, তাঁরা কী করেন, কোথায় থাকেন?


ফরিদা আক্তার ববিতার একমাত্র সন্তান অনিক ইসলাম। মায়ের পরিচিতির বাইরে পড়াশোনা ও কর্মজীবনে নিজের পরিচয় গড়েছেন তিনি। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশটির কিচেনার শহরে থাকেন। চাকরি করছেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পদে।


অনিকের পড়াশোনার শুরু ঢাকার বনানীর প্লে-পেন স্কুলে। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর ভর্তি হন স্কলাস্টিকায়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও লেভেল ও এ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কানাডায়।


ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে ২০১৩ সালের ১৫ জুন স্নাতক ডিগ্রি অর্জন করেন অনিক। পড়াশোনায় কৃতিত্বের জন্য নাম ওঠে বিশ্ববিদ্যালয়ের ডিনস অনার তালিকায়ও। ছেলের স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে কানাডায় গিয়েছিলেন ববিতা। ওই বছরের ১১ জুন বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটেও মা-ছেলেকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।


পরে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন অনিক। পড়াশোনার পাশাপাশি রেডিও সিস্টেমে অ্যানালগ প্রিডিস্টরশন বিষয়ে পূর্ণকালীন গবেষণা সহযোগী হিসেবেও কাজ করেছেন।


ববিতা জানালেন, পড়াশোনা শেষ করেই চাকরিতে যোগ দেন অনিক। বর্তমানে যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেটি তাঁর তৃতীয় কর্মস্থল। এখানে তাঁর চাকরির মেয়াদ প্রায় পাঁচ বছর হতে চলেছে।


ছেলের কাছে গেলে কিচেনার শহরেই সময় কাটে ববিতার। কাজের ফাঁকে মাকে নিয়ে ঘুরতে বের হন অনিক। কানাডা ও যুক্তরাষ্ট্রে গেলে মাছ ধরার শখও পূরণ করেন ববিতা। তাঁর ভাষায়, একসময় শখ হিসেবে শুরু হলেও মাছ ধরা এখন অনেকটা নেশায় পরিণত হয়েছে। বাবার কাছ থেকেই এই আগ্রহ পেয়েছেন বলে মনে করেন তিনি।


মা-ছেলের আজকের এই স্বস্তির জীবনের পেছনে আছে ববিতার দীর্ঘ সংগ্রাম। ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর ব্যবসায়ী ইফতেখারুল আলমকে বিয়ে করেন তিনি। ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি জন্ম হয় অনিকের। ছেলের বয়স যখন তিন বছর, তখনই স্বামীকে হারান ববিতা। ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ইফতেখারুল আলম।


এরপর একাই ছেলেকে বড় করেছেন এই অভিনয়শিল্পী। দ্বিতীয়বার বিয়ে করেননি। অভিনয়ের ব্যস্ততা সামলে সন্তানের পড়াশোনা ও বেড়ে ওঠার দিকে মনোযোগ দিয়েছেন।


সঙ্গে আলাপে স্বামীর মৃত্যুর পরের দিনগুলোর কথা মনে করে ববিতা বলেছিলেন, ‘হঠাৎ অনিকের বাবার মৃত্যুতে চারদিকে ঘোর অন্ধকার নেমে আসে। কী করব, কীভাবে জীবন চলবে, যেন দিশাহারা আমি। তবে মনোবল হারানোর মানুষ তো আমি নই। মনটাকে শক্ত করি। আমার সন্তান আছে, তাঁকে নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। তাঁকে গড়ে তুলতে হবে।’


মায়ের সেই সংগ্রামের কথা অনিকও মনে রেখেছেন। ২০১৫ সালে ডেইলি স্টারে লেখা এক নিবন্ধে মায়ের ত্যাগ, ভালোবাসা ও একা হাতে তাঁকে বড় করে তোলার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি।


ছেলের পড়াশোনা ও কর্মজীবন নিয়ে তৃপ্ত ববিতা। তবে ছেলের বউয়ের মুখ দেখার ইচ্ছাও আছে তাঁর। বিয়ের প্রসঙ্গ উঠতেই জানালেন, সিদ্ধান্তটি অনিকের ওপরই ছেড়ে দিয়েছেন। নিজের ইচ্ছার কথা থাকলেও এ নিয়ে ছেলেকে চাপ দিতে চান না।


প্রায় ২৭৫টি চলচ্চিত্রে অভিনয় করা ববিতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছেন। পর্দায় তাঁর সাফল্যের গল্প দর্শকের পরিচিত। সেই পরিচয়ের পাশাপাশি আছে এক মায়ের গল্পও—শোক সামলে সন্তানকে বড় করা, তাঁর নিজের পায়ে দাঁড়ানোর সঙ্গী হওয়া। এখন সেই ছেলের সঙ্গে সময় কাটাতেই ঢাকা থেকে কানাডায় ছুটে যান ববিতা।