শিবগঞ্জে বোমা বিস্ফোরণের মামলায় তিনজন গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


| প্রিন্ট সংস্করণ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হন। ঘটনার পর আহত অবস্থায় তিনজনই পালিয়ে যান। অবশেষে তাদের গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) ও পুলিশ। দুজনকে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজনকে পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


গ্রেপ্তার তিজজন হলেন– আহত অবস্থায় গোপনে রাজশাহীতে আশ্রয় নেওয়া নাজমুল করিম ওরফে নুরুল, রুবেল ইসলাম ও সিফাত হোসেন। নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকায়। এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত বলে জানিয়েছে এসআরবি-৫।


পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, গত বুধবার শিবগঞ্জের পারচৌকা এলাকায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ও কৃষক লীগের কর্মী ছিলেন। বিস্ফোরণে আহত তিনজন পালিয়ে যান।


আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহী নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে তেরোখাদিয়া পশ্চিমপাড়ায় পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় আশ্রয় নেন। গত বৃহস্পতিবার রাতে ওই বাসায় অভিযান চালান এসআরবি সদস্যরা। তখন নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। তাঁকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।


এসআরবি ও পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরণে ঘটনাস্থলে টমাস নিহত হন। এতে তাঁর দুই হাত ছিন্নভিন্ন হয়ে যায়। অন্যদিকে আটক নাজমুলের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।


গোপনে চিকিৎসাধীন থাকা বাসার ভাড়াটিয়া এক নারী জানান, নাজমুল তাদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। গত বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর তারা গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন।


ওই নারী দাবি করেন, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল স্বীকার করেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। তাঁকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।


এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক গতকাল শুক্রবার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে শুধু নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে পুলিশের তত্ত্বাবধানে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এদিকে বুধবার বিস্ফোরণের পর শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, ঘটনার পরেই আমরা তদন্ত শুরু করেছি।