পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সব হারালেন পাঁচ যুবক
| প্রিন্ট সংস্করণ
পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন পাঁচ বাংলাদেশি যুবক। চক্রটি তাদের জিম্মি করে পাসপোর্ট কেড়ে নেওয়ার পাশাপাশি ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সীমান্ত পথে বাংলাদেশে পুশব্যাক করে দেয়।
দেশে ফেরার পর গত বৃহস্পতিবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকা থেকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জনকে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক যুবকেরা হলেন– নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগরের সাজিদুল ইসলাম, কামাল উদ্দিন ও মোহাম্মদ মোকসিদুল ইসলাম, দক্ষিণ মির্জানগরের মোয়াজ্জেম হোসেন এবং আদিয়াবাদের ফয়সাল মোল্লা। আটক অটোরিকশাচালক বেলাল হোসেনের বাড়ি পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামে।
জানা গেছে, পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে গত ১৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যান ওই পাঁচজন। সেখানে দালাল চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং বাংলাদেশে থাকা একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে পরশুরামের মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। দেশে প্রবেশের পর তারা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে পরশুরাম সদরের দিকে আসছিলেন। সকাল ৭টার দিকে সুবার বাজার সড়কে সীমান্ত পাহারায় থাকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অটোরিকশাটি থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে উত্তর বাজার এলাকা থেকে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল জানান, অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারা নিয়মিত পাহারা দিচ্ছেন। সন্দেহজনক চলাচলের সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশে দেওয়া হয়েছে। পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আটকরা বৈধভাবেই ভারতে গিয়েছিলেন। সেখানে দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে পাসপোর্ট ও টাকা হারিয়েছেন। হাতিয়ে নেওয়া টাকা বাংলাদেশের যে অ্যাকাউন্টে ঢুকেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।






