আ.লীগ নেতাদের সহায়তা, বিএনপির ১১ জনকে বহিষ্কার

| প্রিন্ট সংস্করণ


চব্বিশের ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলীয় কমিটিতে পদায়ন ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরও অভিযোগ আসছিল।


তবে দলের শীর্ষ নেতৃত্বের সতর্কবার্তার পর তৃণমূল থেকে অভিযোগ আসছে আরও বেশি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসা এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বহিষ্কার, পদ স্থগিতসহ সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি।


দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কারও পদ স্থগিত করা হয়েছে, কাউকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।


বিএনপির দলীয় সূত্র জানায়, চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, দলীয় কমিটিতে পদায়ন এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে দলের অনেক নেতার বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ তুলতে থাকেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরও এসব অভিযোগ অব্যাহত ছিল। তবে গত ১৫ নভেম্বর দলের শীর্ষ পর্যায় থেকে নেতাকর্মীদের সতর্কবার্তা দেওয়ার পর পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়। এরপর তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কেন্দ্রের কাছে আরও বেশি অভিযোগ জানাতে থাকেন। এসব অভিযোগের বেশির ভাগই স্থানীয় কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিগত সময়ে সুবিধাভোগীদের পদ দেওয়া নিয়ে। এ ছাড়া চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে অনেক নেতার বিরুদ্ধে।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু অভিযোগ আসছে। সেগুলো যাচাই-বাছাই করে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রমাণ পাওয়া গেলে আরও ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে যত বড় নেতাই হোন না কেন, তাঁকে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।


সতর্কবার্তার পরও আওয়ামী লীগকে সহায়তা


বিএনপির নেতাকর্মীরা জানান, আসছে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা রাজনৈতিকভাবে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন– এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগ ওঠার পর এ বিষয়ে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ আসতে থাকে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন।


দলীয় নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা এবং তাদের রাজনৈতিক ও আইনি সহায়তা দেওয়ার অভিযোগে সম্প্রতি বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দলের কেউ যদি খুনিদের সঙ্গে সম্পর্ক রাখেন, জ্বালাও-পোড়াও ও নাশকতাকারীদের সহায়তা করেন, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয়দাতাদের সমালোচনা করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এরা টিকে ছিলেন। আগামী বছরগুলোতেও আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন তারা। এরা দলের জন্য আবর্জনার বোঝা। আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় তাদের সামনে পাওয়া যাবে না।


বিএনপির কয়েকজন নেতা বলেন, গত ৩১ অক্টোবর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। বিএনপির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তাঁর বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।


এরপর বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়, দলের কোন কোন নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করছেন এবং কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। কেউ আত্মীয়তার পরিচয়ে, কেউ বন্ধুত্বের সূত্রে তাদের সহায়তা করছেন বলে অভিযোগ উঠেছে।


জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে আনাচকানাচ বা গ্রামে ও পাড়া-মহল্লায় লুকিয়ে থেকে বিএনপির নেতাকর্মীর আত্মীয়স্বজনের পরিচয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন। এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার। বিএনপির যারাই আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেবেন, দলে তাদের কোনো স্থান হবে না। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আশ্রয় বা সহযোগিতা করলে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। দল ও অঙ্গসংগঠনের নেতাদেরও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে জেলা পর্যায়ে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।


নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা দলীয় নির্দেশনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের আশ্রয় দেওয়া, গ্রেপ্তারের পর থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা কিংবা জামিনের জন্য তদবির করার অভিযোগ খতিয়ে দেখছে বিএনপির হাইকমান্ড। এসব অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বশেষ গত বুধবার বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি বগুড়ার আদালতের হাজতখানায় বিএনপি নেতা শাহীন হত্যা মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে মিজানুর রহমানের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়। পরে তাঁকে বহিষ্কার করে বিএনপি।


বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকেও সহায়তা করবে বিএনপি। কেন্দ্রের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এ ধরনের কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিহত করার কথাও বলছেন দলের নেতারা।


গত ১৯ থেকে ২২ নভেম্বর পাবনার বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় কয়েকজন আহত হন এবং আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করে পুলিশ। এ পরিস্থিতিতে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে গত ২২ নভেম্বর রাতে বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা বিএনপি।


আরেক ঘটনায় ২৩ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে বহিষ্কার করে সিলেট জেলা বিএনপি। উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।


অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার মামলা, জুলাই হত্যাকাণ্ডের মামলা কিংবা আওয়ামী লীগ আমলে হামলা-নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিতে থানায় হস্তক্ষেপ করছেন। কেউ ব্যক্তিগত স্বার্থে, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে, আবার কেউ আত্মীয়তার সম্পর্কের কারণে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।


অঙ্গসংগঠনেও ব্যবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় ও সহযোগিতার অভিযোগে বিএনপির পাশাপাশি অঙ্গসংগঠনগুলোও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে।


চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লা সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে পালিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সেখানে দুই বছরের বেশি আত্মগোপনে থাকার পর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় প্রায় দেড় মাস আগে বাংলাদেশে ফেরেন তিনি। পরে বারপাড়া এলাকার যুবদল কর্মী আজহারুল ইসলাম সোহাগের বাড়িতে আশ্রয় নিয়ে গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করেন মোশাররফ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গত বুধবার আজহারুল ইসলামকে বহিষ্কার করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।


এ ছাড়া আওয়ামী লীগকে সহায়তার অভিযোগে সম্প্রতি যুবদলের আরও নয় নেতাকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা যুবদলের মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাউল, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল ও তথ্য, যোগাযোগ ও বিজ্ঞানবিষয়ক সহসম্পাদক মো. সারোয়ার, ঢাকার রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা এবং কুমিল্লা দক্ষিণ জেলার আদর্শ উপজেলার সদস্য বাবুল মিয়া। অবশ্য আনিসুর রহমান ও রবিউল ইসলামের বহিষ্কারাদেশ পরে প্রত্যাহার করা হয়েছে।


যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের সহযোগিতার অভিযোগে যে পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধেই তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে ১১ নভেম্বর মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর আলমকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।


কেন্দ্রীয় কার্যালয়ে একের পর এক অভিযোগ


নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার অভিযোগে বেশ কিছু লিখিত অভিযোগ জমা পড়েছে। মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়া হয়েছে বলে একটি অভিযোগে উল্লেখ করা হয়েছে।


বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে দলটি বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলীয় ঘোষণার আগেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত অক্টোবরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন দেওয়ার ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়।


জেলা বিএনপির এক চিঠিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে দলীয় প্রভাব খাটিয়ে ওই দুই নেতা বিভিন্ন অনৈতিক, নীতিবিবর্জিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির এক নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনা নিয়েও অভিযোগ জমা পড়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। তাদের প্রশ্ন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা কীভাবে বিএনপি নেতাদের নির্বাচনী কার্যক্রমে যুক্ত হচ্ছেন? পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তানভীর ইসলাম ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম রতনের ছেলে গত ১০ নভেম্বর গ্রেপ্তার হন। অভিযোগে বলা হয়েছে, তাঁকে ছাড়াতে সেদিন রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোয়ার হোসেন আলমকে থানায় অবস্থান করতে দেখা যায়। ওই অভিযোগে মনোয়ার হোসেন আলমকে আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।


বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কেবল শুরু হয়েছে। তাদের সঙ্গে বিএনপির কারও সম্পর্ক থাকুক, তা হাইকমান্ড চায় না। ভবিষ্যতেও আওয়ামী লীগকে গোপনে সহায়তা, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতার মামলার আসামিদের সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।