হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের
দক্ষিণ ইরানের বন্দর আব্বাস উপকূল থেকে হরমুজ প্রণালিতে আটকে থাকা পণ্যবাহী জাহাজ দেখছেন এক ইরানি নারী। ছবি- ইপিএ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত জলসীমায় নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ও আশপাশের সমুদ্র এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে।
ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।
তার এ বক্তব্যের আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দিয়েছে তারা। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে।
সামরিক বাহিনীগুলোর পাল্টাপাল্টি এসব দাবির মধ্যে বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল ব্যাহত হচ্ছে।






