এলএনজি আমদানিতে ছয় মাসে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
এলএনজি আমদানিতে সরকারের ভর্তুকির চাপ বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ অবস্থায় নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎসের ব্যবহার বাড়াতে না পারলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ—সব পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে। তাই, আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ থেকে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ ছাড়াও উপযুক্ত কৃষিজমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশি-বিদেশি লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে নবায়নযোগ্য জ্বালানিকে শুধু বিকল্প হিসেবে দেখলে হবে না; জাতীয় জ্বালানিব্যবস্থায় এটিকে অগ্রাধিকার দিতে হবে।
সম্মেলনে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা প্রচলিত নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ সম্ভাবনা কাজে লাগাতে বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এলএনজি আমদানিতে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে তা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা হলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান এবং সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম।
তিন দিনের এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। মোট ১৩টি অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানির ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং জ্বালানি খাতে নারী, শ্রমিক ও আদিবাসীদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হবে।
২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০২৪ ও ২০২৫ সালে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন হয়। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনের আলোচনা থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।






