বিশ্ববিদ্যালয় যদিও জ্ঞানের বাতিঘর, প্রাইমারি স্কুল বেশি প্রয়োজন: সলিমুল্লাহ খান
বক্তব্য রাখছেন সলিমুল্লাহ খান
চট্টগ্রাম ব্যুরো
নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেছেন, বিশ্ববিদ্যালয় যদিও জ্ঞানের বাতিঘর। কিন্তু প্রাথমিক বিদ্যালয় বেশি বেশি হওয়া প্রয়োজন। অনেকগুলো বিশ্ববিদ্যালয় করার চেয়ে অনেক প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা বেশি কল্যাণকর। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগান দিই। কিন্তু বাস্তবে আমরা এখনো দেশের মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ধারেকাছেও যেতে পারিনি।
শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) কলা ও মানবিক অনুষদের উদ্যোগে এবং আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাস মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড. সলিমুল্লাহ খান বলেন, আমরা শিক্ষার মানও চাই আবার শিক্ষার প্রসারও চাই। কিন্তু আমরা মান ও সংখ্যার মধ্যে কৃত্রিম একটি বিরোধ তৈরি করছি। আমরা মনে করছি, শিক্ষার প্রকৃত মান উন্নত করতে হলে অবশ্যই ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। সমাজের সংস্কৃতি, সাহিত্য ও ভাষার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের একটি পরোক্ষ অবদান রয়েছে। মূলত এই সম্মেলনের বিষয়বস্তুও ভাষা, সাহিত্য ও মানবজাতির ভবিষ্যৎ। এখন সময় এসেছে বিষয়টি নিয়ে নতুন করে ভাবার, প্রয়োজনে পুরোনো ধারণাগুলো পুনর্বিবেচনা করার।
তিনি বলেন, সংখ্যার দিক থেকে ডিগ্রি অর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু পরিবর্তন হলেও বাঙালি মুসলমানদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তাদের মানসিকতা এখনো আগের মতোই রয়ে গেছে। বাংলায় মুসলমানদের নিজস্ব সংস্কৃতি কী হতে পারে, সেটিও ভুলে গেলে চলবে না। বাংলাদেশে বর্তমানে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে, সেগুলোর প্রায় সবগুলোর নামই ইংরেজিতে রাখা হচ্ছে। হাতে গোনা কয়েকটি ব্যতিক্রম ছাড়া এমনটাই দেখা যায়। এর মধ্যে ডা. জাফরুল্লাহ প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রম। এই ভূখণ্ডের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। তবে বাঙালি মুসলমানদের সংস্কৃতি বোঝার সবচেয়ে ভালো উপায় হলো অতীতের সঙ্গে বর্তমানের তুলনা করা।
আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভাইস চ্যান্সেলর, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. শামীম উদ্দীন খান। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমেদ বশির, ইন্দোনেশিয়ার ইউআইএন শরীফ হিদায়াতুললাহ জাকার্তার ড. হাসনুল ইনসানি দোহার, আইআইইউসির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব)।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল কনফারেন্স- ২০২৬ এর অর্গানাইজিং চেয়ার, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইএলএল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আজিজুল হক, এএলএল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মঈনুদ্দীন, কনফারেন্স জয়েন্ট সেক্রেটারি ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, মো. ইফতেষার উদ্দিন, ড. মো. মহিব উল্লাহ। স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি মো. ইয়াসিন শরীফ।





