উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী তিনি। একসঙ্গে চার কন্যাসন্তানের আগমনে তাদের পরিবারে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।


পরিবার ও এলাকাসূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার দক্ষিণ হিংগাজিয়া গ্রামের সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের সহধর্মিণী সুলতানা আক্তার তিন্নি বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও চার নবজাতক সবাই সুস্থ আছেন।


সুলতানা আক্তার তিন্নির শ্বশুর আব্দুস সালাম বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করে বলেন, ‘একসঙ্গে চার নাতনি পেয়ে আমি ও আমাদের পরিবারের সদস্যরা দারুণ আনন্দিত। মহান আল্লাহর অপার মহিমা। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। হাসপাতালে চার নাতনিসহ তাদের মা সুস্থ আছেন।’


স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দেলোওয়ারুস সাদাত বলেন, ‘ চার নবজাতক কন্যার জন্ম নিয়ে গ্রামজুড়ে আনন্দ বইছে।’