রাজশাহী অফিস

রাজশাহীর কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে ঋণ বিতরণে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষাবিদরা। তাদের মতে, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণে ঋণের সুদহার, নীতিসহায়তা ও আর্থিক প্রণোদনাকে আরো বাস্তবসম্মত করার প্রয়োজন রয়েছে। তারা স্থানীয় অর্থনীতির চাহিদা ও উদ্যোক্তাদের সমস্যাকে গুরুত্ব দিয়ে মুদ্রানীতি প্রণয়নের আহ্বান জানান।


শুক্রবার ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে আয়োজিত মতবিনিময় সভায় এসব মতামত উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস ও প্রধান কার্যালয়ের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।


সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ এবং মনিটারি পলিসি ডিপার্টমেন্টের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার।


সভায় রাজশাহী বিভাগের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যাংকার, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আঞ্চলিকপ্রধানরা অংশ নেন।


বিশেষভাবে আমন্ত্রিত অতিথি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জেলায় কৃষির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হচ্ছে না। উত্তরবঙ্গের কৃষি খাতের সম্ভাবনা কাজে লাগাতে ঘোষিত ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।


প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, মুদ্রানীতি প্রণয়নের মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। রাজশাহী অঞ্চলে রেশম, আম, মৎস্যসহ কৃষির বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উৎপাদন হচ্ছে। এসব খাতের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে বাস্তবসম্মত ও কার্যকর মুদ্রানীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নে এ অঞ্চলের অংশীজনদের মতামত বিশেষ গুরুত্ব পাবে। সরকারের রাজস্বনীতির সঙ্গে সমন্বয় রেখে একটি বাস্তবসম্মত মুদ্রানীতি প্রণয়নে বিভিন্ন অংশীজনের অভিজ্ঞতা ও পরামর্শ বিবেচনা করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ দেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জাতীয় অর্থনীতিতে রাজশাহী অঞ্চলের অবদান ও সম্ভাবনার বিষয়েও আলোকপাত করেন।