মাসুদ মিলাদ
আমদানি–রপ্তানির চিত্র
পবিত্র রমজান মাস শুরুর আর দুই মাস বাকি। এরই মধ্যে রোজায় বেশি চাহিদা থাকে, এমন বেশির ভাগ পণ্যের আমদানি বেড়েছে। ঋণপত্রও খোলা হচ্ছে। আমদানি ও ঋণপত্রের প্রবণতা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবার রোজায় সয়াবিন তেল ছাড়া প্রায় সব পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক। শীতের কারণে সয়াবিনের বাড়তি চাহিদা মেটাতে ঋণপত্র খোলার হার না বাড়লে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাসে ছোলা, মসুর ডাল, চিনি, পাম তেল, গম ও খেজুরের আমদানি বেড়েছে। বিপরীতে অপরিশোধিত সয়াবিন তেল ও সয়াবিন বীজের আমদানি এবং ঋণপত্র খোলার পরিমাণ কমেছে। মটর ডালের আমদানি কমলেও এই পণ্যে সরবরাহ সংকটের আশঙ্কা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে, রোজার মাসে ছোলা, মসুর ডাল ও মটর ডালের চাহিদা থাকে প্রায় ১ লাখ টন করে। চিনি ও ভোজ্যতেলের চাহিদা থাকে প্রায় তিন লাখ টন করে।
এসব পণ্যের চাহিদার বড় অংশই আমদানি করে মেটাতে হয়। নভেম্বর থেকে আমদানি হওয়া পণ্যগুলোর একটি অংশ নিয়মিত চাহিদা মেটানোর পাশাপাশি রোজার বাজারেও সরবরাহ হবে।
ব্যবসায়ীরা বলছেন, দু–একটি ছাড়া বেশির ভাগ পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বস্তিদায়ক। যেসব পণ্যের আমদানি এখনো কম, সেগুলোর সরবরাহ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে রোজার বেশ আগেই খেজুরের শুল্কহার কমানোয় ভোক্তাদের সুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে কম শুল্কহারে খেজুর খালাসও শুরু হয়েছে।
নিত্যপণ্য প্রক্রিয়াজাতকারী অন্যতম বড় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, সরকার রোজার পণ্য আমদানিতে ঋণপত্রের সুবিধা দেওয়ায় চিনি, গম, পাম তেল ও ডালের মতো পণ্যের আমদানি বেড়েছে। রোজার আগে সরবরাহ আরও বাড়বে। ফলে এবার রোজার পণ্যের সংকট হওয়ার কথা নয়।
ভোজ্যতেলের মধ্যে দেশে সবচেয়ে বেশি আমদানি হয় পাম তেল। তবে শীতকালে পাম তেল ঘন বা জমাট বেঁধে যাওয়ায় এ সময় সয়াবিন তেলের চাহিদা বেড়ে যায়। বাজারজাতকারী কোম্পানিগুলোর দাবি, খুচরা বাজারে খোলা সয়াবিন তেল হিসেবে বিক্রি হওয়া তেলের একটি বড় অংশ পাম তেল। শীতে পাম তেল বিক্রির সুযোগ কমে আসে।
এবার রোজার পণ্যের বেচাকেনা শুরু হবে জানুয়ারিতে। আবহাওয়া অধিদপ্তরের তিন মাস মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে। তখন কোনো কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, শীতের মৌসুমে প্রতি মাসে গড়ে ১ লাখ টনের বেশি সয়াবিন তেল প্রয়োজন হয়। রোজায় তা বেড়ে দেড় লাখ টনে পৌঁছাতে পারে। এই চাহিদা মেটাতে আমদানি করা অপরিশোধিত সয়াবিন তেলের পাশাপাশি সয়াবিন বীজ মাড়াই করে তেল উৎপাদন করা হয়।
এনবিআরের আমদানি তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১ সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত আমদানি করা অপরিশোধিত সয়াবিন তেল ও সয়াবিন বীজ থেকে সম্ভাব্য উৎপাদন মিলিয়ে প্রায় ২ লাখ ১৩ হাজার টন সয়াবিন তেলের সমপরিমাণ সরবরাহের হিসাব পাওয়া যায়। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ লাখ ২৩ হাজার টন। অর্থাৎ কমেছে প্রায় ৪ শতাংশ। এই হিসাবে আমদানি করা সয়াবিন বীজ থেকে ১৮ শতাংশ তেল উৎপাদন ধরা হয়েছে।
আমদানি খুব বেশি না কমলেও ঋণপত্র খোলার পরিমাণ কমেছে অনেক বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল আমদানির ঋণপত্র খোলা হয়েছে মাত্র ৫৪ হাজার টনের। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৩ লাখ ৭ হাজার টন। অর্থাৎ, ঋণপত্র খোলা কমেছে প্রায় ৮২ শতাংশ। একই সময়ে তেলবীজ আমদানির ঋণপত্র খোলার পরিমাণও প্রায় আড়াই লাখ টন থেকে ২৬ শতাংশ কমে ১ লাখ ৮৬ হাজার টনে নেমেছে।
গত ১৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে নিত্যপণ্য আমদানিকারকদের এক বৈঠকেও সয়াবিন তেলের ঋণপত্র খোলার এই চিত্র তুলে ধরা হয়। বৈঠকে ঋণপত্র খোলার পরিমাণ ৮২ শতাংশ কমে যাওয়াকে ‘ক্রিটিক্যাল’ বা উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়।
এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর দাবি, দাম বাড়ানোর পরও তাদের বোতলজাত সয়াবিন তেলের খরচ লিটারপ্রতি প্রায় ২২৪ টাকা। রোজার আগে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছে তারা।
সয়াবিনের বিপরীতে পাম তেলের আমদানি ও ঋণপত্র খোলা—দুটিই বেড়েছে। এনবিআরের হিসাবে, গত প্রায় তিন মাসে পাম তেলের আমদানি ৩২ শতাংশ বেড়ে ৪ লাখ ৬০ হাজার টনে উন্নীত হয়েছে। আবার সেপ্টেম্বর ও অক্টোবরে ঋণপত্র খোলার পরিমাণ ৩০ শতাংশ বেড়ে প্রায় আড়াই লাখ টনে দাঁড়িয়েছে।
তবে পাম তেলের বাড়তি সরবরাহ দিয়ে শীতে সয়াবিনের সম্ভাব্য ঘাটতি কতটা পূরণ করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। জানতে চাইলে ভোজ্যতেলের অন্যতম শীর্ষ আমদানিকারক টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিউল আতহার তাসলিম বলেন, শীতের কারণে এবার সয়াবিন তেলের চাহিদা স্বাভাবিকের তুলনায় ৫০ হাজার থেকে ১ লাখ টন বেশি হতে পারে। কিন্তু ঋণপত্র খোলার বর্তমান প্রবণতা বাড়তি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। যদিও পাম তেলের আমদানি ও ঋণপত্র খোলা—দুটিই বেড়েছে। তবু শীতকালে তা দিয়ে সয়াবিনের ঘাটতি পূরণের সুযোগ সীমিত। তিনি বলেন, এখনো ঋণপত্র খোলা হলে রোজার আগেই সয়াবিন তেল আমদানির সুযোগ রয়েছে। আমদানি ব্যয়ের সঙ্গে দাম সমন্বয় করা হলে সয়াবিনের সরবরাহ নিয়ে দুশ্চিন্তা থাকবে না।
রোজার সময় ইফতারে অন্যতম প্রধান পণ্য ছোলা। এনবিআরের হিসাবে, আমদানি করা ছোলার ৯৬ শতাংশ আসে অস্ট্রেলিয়া থেকে। এবার দেশটিতে ছোলার উৎপাদন অর্ধেকের বেশি কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে ছোলার দাম বেড়েছে। তবে দাম কিছুটা বাড়লেও বাংলাদেশের আমদানির চিত্র এখন পর্যন্ত স্বস্তিদায়ক।
এনবিআরের হিসাবে, গত সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ছোলা আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় যা ১২৭ শতাংশ বেশি। আবার সেপ্টেম্বর ও অক্টোবরে ছোলা আমদানির ঋণপত্র খোলা হয়েছে ৫১ হাজার টনের। গত বছরের একই সময়ের তুলনায় ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে ৫৩৭ শতাংশ।
ছোলার মতো একই সময়ে মসুর ডালের আমদানি ১৩ শতাংশ বেড়ে প্রায় ৫০ হাজার টনে উন্নীত হয়েছে। চিনির আমদানিও বেড়েছে। সেপ্টেম্বর ও অক্টোবরে চিনি আমদানির ঋণপত্র খোলা হয়েছে ৪ লাখ ৪৭ হাজার টনের, যা গত বছরের একই সময়ের প্রায় তিন গুণ। অন্যদিকে সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৩৪ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩৭ শতাংশ বেশি।
গমের আমদানিও গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। গত প্রায় তিন মাসে গম আমদানি হয়েছে ১৯ লাখ ৪১ হাজার টন। বৃদ্ধির হার দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ গমের আমদানি প্রায় গত বছরের পর্যায়েই রয়েছে।
খেজুরের আমদানি ও ঋণপত্র খোলার পরিমাণও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বর ও অক্টোবরে খেজুর আমদানির ঋণপত্র খোলা হয়েছে প্রায় চার হাজার টনের। গত বছরের একই সময়ের তুলনায় যা ৬০ শতাংশ বেশি।
অন্যদিকে এনবিআরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত খেজুর আমদানি হয়েছে ১০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় যা ৪৫ শতাংশ বেশি।
তবে মটর ডালের আমদানিতে উল্টো চিত্র দেখা যাচ্ছে। সেপ্টেম্বর ও অক্টোবরে মটর ডাল আমদানির ঋণপত্র খোলা হয়েছে প্রায় ২৩ হাজার টনের, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ কম। আবার সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ৫১ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ৭৪ শতাংশ।
আমদানির এই বড় পতনের পরও ব্যবসায়ীরা বলছেন, মটর ডালের সরবরাহ নিয়ে এখনই বড় সংকটের আশঙ্কা নেই। তবে রোজার আগে এই পণ্যের আমদানি ও মজুত পরিস্থিতির দিকেও নজর রাখা প্রয়োজন।
এবার রোজার বেশ আগেই খেজুরের শুল্কহার কমিয়েছে সরকার। গত ২৩ নভেম্বর থেকে তাজা ও শুকনা খেজুরের চারটি শুল্ক শ্রেণিতেই কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই সুবিধা আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
শুল্কছাড়ের পর গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে বন্দরগুলো দিয়ে ৮৮১ টন খেজুর খালাস হয়েছে। এসব চালানের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আমদানিকারকদের কেজিপ্রতি শুল্ককর উল্লেখযোগ্যভাবে কমেছে।
উন্নতমানের মেডজুল ও আজওয়া খেজুরে আগে কেজিপ্রতি ২২৯ থেকে ২৩০ টাকা শুল্ককর দিতে হতো। গত চার দিনে এ ধরনের ৭৫ হাজার কেজি খেজুর খালাস হয়েছে কেজিপ্রতি ১২১ টাকা শুল্ককর দিয়ে। অর্থাৎ, আগের তুলনায় কেজিতে সর্বোচ্চ ১০৯ টাকা কমেছে।
একইভাবে সবচেয়ে বেশি আমদানি হওয়া ইরাকের জাহিদি খেজুরে আগে কেজিপ্রতি ৫৫ টাকা শুল্ককর দিতে হতো। গত চার দিনে এই জাতের ৩ লাখ ৭ হাজার কেজি খেজুর খালাস হয়েছে কেজিপ্রতি ২৯ টাকা শুল্ককর দিয়ে। তাতে কেজিতে সাশ্রয় হয়েছে ২৬ টাকা।
খেজুর আমদানিকারক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বলেন, সরকার রোজার অনেক আগেই শুল্ককর কমিয়েছে। এতে খেজুরের আমদানি বাড়বে। শুল্ককর কম দিতে হওয়ায় গতবারের তুলনায় এবার কম দামে খেজুর খেতে পারবেন রোজাদাররা।
রোজার পণ্যের সরবরাহ বাড়াতে এবার আগেভাগেই কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে খেজুরের শুল্কছাড় এবং নিত্যপণ্য আমদানিতে ঋণপত্রের শর্ত শিথিল করা। ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ভোজ্যতেল, চিনি, গম, ডাল, ছোলা, মটর ডাল, খেজুরসহ কয়েকটি পণ্য সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিয়েছে। এতে পণ্য আমদানির পর মূল্য পরিশোধের জন্য বাড়তি সময় পাচ্ছেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, রোজার বেশ আগেই বাজার স্থিতিশীল রাখতে সরকার শুল্কহার কমানো, বাকিতে ঋণপত্র খোলার সুবিধাসহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। এগুলো ইতিবাচক। তবে রোজার আগে পণ্যের সরবরাহ কতটা বাড়ছে, তা নিয়মিত তদারকিতে রাখতে হবে। আর সয়াবিন তেলের ঋণপত্র খোলার হার যেহেতু কম, তাই বিষয়টি এখনই বিবেচনায় নেওয়া প্রয়োজন। আমদানি বাড়াতে উৎসাহিত করা হলে রোজার সময় ভোক্তারাও সুফল পাবেন।




