ব্যর্থদের পুনর্বাসন করছেন নির্বাচক বাশার

ক্রীড়া প্রতিবেদক


বিশ্বকাপের এক বছর বাকি থাকতে ওয়ানডে দল গুছিয়ে ফেলতে চেয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সে ‘কাউন্ট ডাউন’ দুই মাস আগে শুরু হলেও ওয়ানডে দলের পুল সাজাতে পারেনি জাতীয় নির্বাচক প্যানেল। পুলের খেলোয়াড় তালিকা বড় করার অজুহাতে ‘এ’ দলে সুযোগ দেওয়া হচ্ছে এক সময়ের ব্যর্থ ক্রিকেটারদের। আফিফ হোসেন, সাব্বির রহমান সে তালিকার অন্যতম সদস্য। এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে এই ক্রিকেটারদের ব্যর্থতায় প্রশ্ন উঠেছে নির্বাচকদের দূরদৃষ্টি নিয়ে।


প্রধান নির্বাচক হাবিবুল বাশারের কাছে এই ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি কাতার থেকে ফোনে বলেন, ‘আফিফ কিছুদিন আগেও জাতীয় দলে খেলেছে। আর ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছিল সাব্বির। একাগ্রতা দেখে সুযোগ দেওয়া। তবে তারা দুজন প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর পর তারা আর বলতে পারবে না সুযোগ দেওয়া হয়নি।’


এ বছর দেশের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পান আফিফ। তিন ইনিংস ব্যাটিংয়ে নেমে ১৪, ৫* ও ২৭ রান করেন তিনি। এশিয়া কাপ রাইজিং স্টারসে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে করেন শূন্য ও ৫ রান। মিডলঅর্ডার ব্যাটার সাব্বিরকে জাতীয় দলে পুনর্বাসন করার লক্ষ্যে এভাবে ‘এ’ দলে (২৮, ৩, ০) খেলার সুযোগ করে দেওয়া নির্বাচকদের। তাদের কারণে বঞ্চিত হয়েছেন উদীয়মান ক্রিকেটাররা। “এই ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। আশা করেছিলাম তারা ‘এ’ দলে খেলে নিজেদের উন্নতির প্রমাণ দেবে। তারা ব্যর্থ হয়ে আমাদেরও ব্যর্থ করেছে। পাইপলাইন ঠিক করার সময় হয়েছে। এখান থেকে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সামনে যারা জাতীয় দলকে সার্ভ করবে, তাদের নিয়েই পরিকল্পনা করতে হবে।”


বাংলাদেশ ‘এ’ দলে খেলা বেশির ভাগ ক্রিকেটার জাতীয় দলের পুলের নতুন, পুরোনো সদস্য। অথচ এশিয়া কাপ রাইজিং স্টারসে তাদের পারফরম্যান্স ছিল হতাশ করা। হংকং ছাড়া বাকি তিন ম্যাচে রান পাননি অধিনায়ক সাইফ হাসান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও খেলেছেন তিনি। এশিয়া কাপ রাইজিং স্টারসে সেরাটা খেলে নিজেকে দেখানোর সুযোগ ছিল তাঁর সামনে। জাতীয় দলের নিয়মিত একজন ক্রিকেটার হয়েও কাঙ্ক্ষিত ব্যাটিং পারফরম্যান্স করতে পারেননি (৮৬, ০, ২৮, ২) তিনি।


এই পুনর্বাসন প্রক্রিয়ার আরেক সদস্য ইরফান শুক্কুর। উইকেটরক্ষক এই ব্যাটারকে জাতীয় দলে নেওয়ার দুরভিসন্ধি রয়েছে বলে ক্রিকেটারদের অন্দরমহলে কানাঘুষা। মূলত বিশ্বকাপের জন্য দল গোছাতে পিছিয়ে পড়াদের পরখ করে দেখছেন নির্বাচকদের! অথচ প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে বাশার বলেছিলেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরুর এক বছর আগে জাতীয় দলের পুলের খেলোয়াড় চূড়ান্ত করে ফেলবেন তারা।