নিজস্ব প্রতিবেদক
নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান ও অবৈধ পারাপার রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সদস্যরা আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সীমান্ত ব্যবহার করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান, সীমান্তবর্তী জনসাধারণকে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।





