রংপুর ব্যুরো
রংপুরে চাঞ্চল্যকর গণপতি চক্রবর্তিসহ পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় দেয়া চার্জশিট নিয়ে সন্তুষ্টি জানালেও এখন চুরির প্রসঙ্গ আসায় বিস্ময় প্রকাশ করলেন মামলার বাদি গোপিনাথ চক্রবর্তি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের চার্জশিটের প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করেন মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।
গোপিনাথ খুনের শিকার গণপতির বড় ভাই। তিনি বলেন, ‘চার্জশিটের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এতদিন শুনে আসলাম যে ছাদের ওপর মাদক খাচ্ছিল ও দেখে ফেলার অপরাধে খুন। আজকে আবার সংযোজন করছে চুরি করতে গিয়েছিল। এর আগে কোনোদিন চুরির কথা ছিল না।’
গোপিনাথ চক্রবর্তি বলেন, ‘আমার একটা দুঃখ যে কোনোদিন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে সাংবাদিকের মুখোমুখি করা হলো না। পুলিশ কোনোদিন তাদের রিমান্ডে নিলো না। জামাই আদরে রেখে তাদের নামে চার্জশিট দেয়া হলো।’
আদালতে পুলিশের দেয়া অভিযোগপত্রের বিষয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সন্তুষ্ট থাকা লাগবে। অসন্তুষ্ট হয়ে লাভ আছে? আমাদের মতো অসহায় মানুষগুলোর কী করার আছে? যা হবে তাতেই সন্তুষ্ট, ওই যে আল্লাহ যা করে।’
অভিযোগ পততের বিষয়ে নারাজি করবেন কি না এমন প্রশ্নের উত্তরে গোপিনাথ বলেন, ‘চিন্তা ভাবনা করে দেখি। আত্মীয়স্বজনের সাথে আলোচনা করি। এখনও সিদ্ধান্ত হয়নি আমাদের।’
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, মাদক সেবন দেখে ফেলায় নয়, চুরির উদ্দেশ্যে গিয়ে বাধাগ্রস্ত হওয়ায় হত্যা করা হয় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে এবং ছেলেকে। হত্যাকারী সিদ্ধার্থ ও মুগ্ধ।
তিনি আরো জানান, ৩৫টি আলামতের ফরেনসিক রিপোর্টেও ছয়জনের উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে চারজন মারা গেছেন। বাকি দুইজন সিদ্ধার্থ ও মুগ্ধ। ৬৬টি আলামত ছাড়াও ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং ডিজিটাল ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে অভিযোগপত্রে। পেশাদারিত্বের সাথে অকাট্য যুক্তি দেয়া হয়েছে চার্জশিটে।
গত ২১ অক্টোবর শুক্রবার ভোররাতে নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তি, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তি বোলা, মেয়ে আগামী চক্রবর্তি প্রার্থী ও ছেলে আয়ুশ চক্রবর্তি প্রিয়ম। ২২ নভেম্বর এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ আগস্ট ভোররাতে তাদের লাশ উদ্ধার এবং প্রতিবেশী সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করে পুলিশ।






